২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগপত্র দাখিলে দেরি, তদন্ত কর্মকর্তা তলব

জাল টাকা ও তা তৈরির সরঞ্জাম উদ্ধারের একটি মামলায় ১৩ মাসেও অভিযোগপত্র দাখিল না করায় এক পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 12:23 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেয়।

এতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক ওই মামলার তদন্ত কর্মকর্তা ওমর ফারুককে আগামী ১৯ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।

ওইদিন দীর্ঘ সময়েও চার্জশিট না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে এই পুলিশ কর্মকর্তাকে।

মামলার অন্যতম আসামী সগির আহমেদ আদালতে জামিন চাইতে আসার পর শুনানিতে চার্জশিটের বিষয়টি উঠে আসে। এরপর আদালত এই আদেশ দেয়। গত ২৭ জানুয়ারি জামিন আবেদনটি আদালতে দাখিল করা হয়।

আদালতে সগির আহমেদের পক্ষে ছিলেন আইনজীবী সুরাইয়া বেগম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহাকারি অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশীদ ও মো. আসাদুজ্জামান আসাদ।

গাজী মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ আদালত একইসঙ্গে ওই আসামীকে কেন জামিন দেয়া হবে না, মর্মে চার সপ্তাহের রুল জারি করেছে।

তিনি আরো বলেন, জাল টাকা তৈরির সরঞ্জাম এবং ৪ কোটি ৩০ লাখ টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধারের পর ২০১১ সালের ১৯ ডিসেম্বর লালবাগ থানার উপপরিদর্শক মো. আনিসুর রহমান মামলাটি দায়ের করেন।