খেলাপি ঋণ: তারেক-কোকোকে হাজির হতে বিজ্ঞপ্তি হচ্ছে
খেলাপি ঋণের মামলায় খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে।
এই মামলায় তাদের হাজির হতে জারি করা সমন ফেরত আসার পর সোমবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক রবিউল ইসলাম বিজ্ঞপ্তি জারির আদেশ দেন।
পত্রিকায় বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন রেখেছেন বিচারক।
তারেক বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। আরাফাত রয়েছেন থাইল্যান্ডে।
এই মামলায় গত বছরের ২২ অক্টোবর একই আদালত তারেক ও আরাফাতসহ মোট নয়জনকে হাজির হতে সমন জারি করে।
অন্যরা হলেন- খালেদা জিয়ার ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের দুই ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহিনা বেগম এবং গাজী গালিব আব্দুস সাত্তার।
গত ২ অক্টোবর সোনালী ব্যাংকের মতিঝিল স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপের অভিযোগে মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, বিবাদীরা ডান্ডি ডাইংয়ের পক্ষে ১৯৯৩ সালে সোনালী ব্যাংক থেকে ঋণ নেন। ২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনে ব্যাংকের পরিচালনা পর্ষদ সুদ মওকুফ করে। এরপর ঋণ পুনঃতফসিলিকরণ হলেও বিবাদীরা ঋণ না দিয়ে কালক্ষেপণ করতে থাকে।
মামলায় আরো বলা হয়, ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য চূড়ান্ত নোটিস দেয়া হলেও বিবাদীরা ঋণ পরিশোধ করেননি।
