২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী

বামপন্থী সাময়িকী ‘অনীক’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 05:34 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

মানবাধিকার সংগঠন এপিডিআর-এর প্রতিষ্ঠাতা সদস্য দীপঙ্কর চক্রবর্তীর বয়স হয়েছিল ৭২ বছর। বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।

জি নিউজের বাংলা সংস্করণে বলা হয়, রোববার রাতে তার মরদেহ পিস হাভেনে শায়িত রাখা হয়। সোমবার প্রবীণ এই সাংবাদিকের দেহ দান করা হয়।

সাহিত্যিক মহাশ্বেতা দেবী ও কবি শঙ্খ ঘোষসহ পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা দীপঙ্করের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

মহাশ্বেতা দেবী বলেন, “আমি খুবই শোকাহত। এটা মানবাধিকার আন্দোলন ও আমার জন্যও বড় ক্ষতি।”

“একজন নিকটজন ও প্রিয়জনকে হারালাম,” বলেন শঙ্খ ঘোষ।

১৯৪১ সালে ঢাকায় জন্ম নেয়া দীপঙ্কর চক্রবর্তী বাংলা ভাগের পর মুর্শিদাবাদে বড় হন। বহরমপুর ও কলকাতায় পড়াশোনা শেষে বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে অর্থনীতি পড়াতেন। পরে তিনি কলকাতায় স্থায়ীভাবে বাসবাস শুরু করেন।

৬০ এর দশক বামপন্থী আন্দোলনে অংশ নেয়া এই প্রবীণ ১৯৬৪ সাল থেকে অনীক প্রকাশনা ও সম্পাদনা শুরু করেন। তখন আদর্শিক-রাজনৈতিক ইস্যুতের বিতর্কে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) মধ্যে প্রথম ভাঙনের পর সিপিআইএম-এর জন্ম হয়।

তিন বছর পরে নক্শালবাড়ি উত্থানের মুখে দল আবার ভেঙে সিপিআইএমএলের জন্ম হলেও তিনি নতুন দলে যোগ দেননি। তবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রের সাম্যবাদী আন্দোলনের সামপ্রতিক বিতর্কের একটি স্বাধীন ফোরাম হিসেবে ‘অনীক’কে তৈরি করেন।

তার নেতৃত্বে অনীক পশ্চিমবঙ্গে প্রধান বামপন্থী সাময়িকী হিসেবে ও গত পাঁচ দশক ধরে নানা প্রতিকূলতা মোকাবেলা করে টিকে থাকা কিছু লিটল ম্যাগাজিনের অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি নিজে রাজনৈতিক ভাষ্যকার ছিলেন এবং কয়েকটি বই লিখেছেন।

কংগ্রেসের সিদ্ধান্ত শংকর রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে জরুরি অবস্থার সময় তিনি কারাগারে যান। আজীবন মানবাধিকারের পক্ষে লড়াই করা দীপঙ্কর চক্রবর্তী অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রাইটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি ছিলেন।

৭০ এর দশক থেকে সব সরকারের আমলেই তিনি রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ প্রকাশনা সংস্থা পিপলস বুক সোসাইটিরও অন্যতম প্রতিষ্ঠাতা।