চট্টগ্রাম চেম্বারের স্থগিত নির্বাচন ১৪ ফেব্রুয়ারি
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের স্থগিত নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার সিসিআইয়ের সচিব ওসমান গণি সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের ৬ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে এক আবেদনে ১২ ডিসেম্বর পর্যন্ত এক মাসের জন্য তা স্থগিত করে আদালত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার এ নির্বাচনের বিষয়ে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের সভায় আদালতের নির্দেশনা ও আইন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নির্বাচনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
চেম্বারের ১২টি সাধারণ পদে এ নির্বাচন হবে। মোট ২৪টি পদের এ নির্বাচন স্থগিতের আগে ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গত ৪ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রাম চেম্বারের বর্তমান কমিটির মেয়াদ ২২ ডিসেম্বর থেকে পরবর্তী ৯০ দিনের জন্য বাড়ানো হয়।
