এশিয়া এনার্জি প্রধানের সফরে ফুলবাড়ী উত্তপ্ত
তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি এশিয়া এনার্জির প্রধান নির্বাহী গ্যারি এন লাইনের সফরকে কেন্দ্র করে দিনাজপুরের ফুলবাড়ী উত্তপ্ত হয়ে উঠেছে।
গ্যারি এন লাইসহ এশিয়া এনার্জির কয়েকজন কর্মকর্তা মঙ্গলবার বিরামপুর ও পার্বতীপুর উপজেলার দুটি কয়লা মজুতের স্থান পরিদর্শনের কথা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এশিয়া এনার্জির সহযোগী প্রতিষ্ঠান এশিয়াটিকের মিডিয়া কমিউনিকেশনের প্রধান নির্বাহী ওয়াকার মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
কোম্পানি কর্মকর্তাদের কয়লাখনি এলাকা সফরের প্রতিবাদ এবং তাদের প্রতিরোধে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলায় সোমবার ও মঙ্গলবার দু’দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সংগঠনটির ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খনি এলাকায় জরিপের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি বাতিল এবং এশিয়া এনার্জির কার্যালয় ফুলবাড়ী থেকে প্রত্যাহার করে নেয়ার জন্য সরকারকে আগামী ৩০ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন আন্দোলনকারীরা।
এরমধ্যে কোম্পানি কর্মকর্তাদের খনি এলাকা পরিদর্শন উস্কানিমূলক বলে তারা মনে করেন।
এ ঘটনার প্রতিবাদে এবং কোম্পানি কর্মকর্তাদের প্রতিহত করতে সোমবার সন্ধ্যায় বিরামপুর উপজেলার রতনপুরে সমাবেশ এবং মঙ্গলবার সকাল ১০টায় ফুলবাড়ীর নিমতলা মোড়ে বিক্ষোভ সমাবেশ করা হবে। সমাবেশ শেষে গ্যারি এন লাই পার্বতীপুরে যেখানে অবস্থান করবেন সেখানে লাঠি মিছিল নিয়ে যাওয়া হবে বলে জানান সাইফুল।
২০০৬ সালের ২৬ অগাস্ট ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল এবং উত্তোলনকারী কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিল-সমাবেশে গুলি চালায় পুলিশ। এতে নিহত হন আল আমিন, সালেকীন ও তরিকুল। আহত হন দুই শতাধিক।
ওই ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়লে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে চুক্তি করে পরিস্থিতি শান্ত করে। চুক্তিতে নিহতদের ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি উন্মুক্ত পদ্ধতিতে খনন না করার কথাও বলা হয়।
ওই সময় স্বাক্ষরিত ৬ দফা চুক্তির মধ্যে আরো ছিল- এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার, নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ, গুলিবর্ষণকারীদের শাস্তি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার।
নিহত ও আহতদের কিছু ক্ষতিপূরণ এবং মামলা প্রত্যাহারের দাবি মেনে নিলেও অন্য দাবিগুলো অপূর্ণ রয়ে গেছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নিলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়া উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণের পক্ষে বলে আসছেন।
সর্বশেষ পদক্ষেপ হিসেবে গত বছরের ১৪ অক্টোবর ফুলবাড়ী কয়লাখনি এলাকায় একাধিক জরিপ কাজে এশিয়া এনার্জিকে সহায়তা করার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, কোম্পানিটি পূর্ববর্তী অনুসন্ধানের কার্যকরিতা, কৃষি সম্ভাব্যতা, জনসংখ্যা, ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা, পরিবেশগত উন্নয়নসহ সমগ্র প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করতে চায়। খনিজ অনুসন্ধান লাইসেন্স ও খনি লিজ থাকায় তাদের এসব কাজ করার অধিকার আছে।
এ চিঠি প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীতে গত বছরের ২৪ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
এসব কর্মসূচি থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে পাঠানো চিঠি প্রত্যাহার ও ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির কার্যালয় সরিয়ে নেয়ার জন্য সরকারকে ৩০ মার্চ পর্যন্ত সময় দেয় আন্দোলনকারীরা।
