২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় শরীয়তপুরে ২ জনের ফাঁসি

সিরিজ বোমা হামলার মামলায় শরীয়তপুরে দুই জনের ফাঁসির রায় হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 11:52 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রোববার জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করীম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের কামরুজ্জামান স্বপন ও ডামুড্যার মালগাঁও গ্রামের আব্দুল মালেক ওরফে মালেক বেপারী।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মির্জা হযরত আলী সাইজী বলেন, মামলার অপর দুই আসামি জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির শীর্ষ দুই নেতা সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানের ঝালকাঠির সিরিজ বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এ মামলা থেকে অব্যহতি দেয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ অগাস্ট আদালত চলাকালে শরীয়তপুরের জেলা প্রশাসক কার্যালয়, আদালত প্রাঙ্গণসহ চারটি স্থানে সিরিজ বোমা হামলা হয়। এদিন জঙ্গিরা সারাদেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালায়। এতে দুইজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।

ঘটনার পর শরীয়তপুর সদর থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করে।

২০০৬ সালের ২ জানুয়ারি চার জনকে আসামি করে আদালতে এ মামলার অভিযোগপত্র দেয়া হয়।

তবে আদালতের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী কামরুল হাসান।

আপিলের জন্য সাত দিন সময় দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় দন্ডিতদের পরিবারের সদস্যরা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। রায় শুনে তারা কান্নায় ভেঙ্গে পড়েন।