২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ পুরস্কার পেল শ্যামলার ঘুরে দাঁড়ানোর গ্ল্প

খাদের কিনার থেকে ঢাকার বস্তিবাসী শ্যামলা বেগমের ঘুরে দাঁড়ানোর গল্প লিখে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন দুই বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

লাবলু আনসার, নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 09:52 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

এরা হলেন- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মাহতাব হায়দার ও নাদের রহমান। সোমবার জাতিসংঘ সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে তাদের পুরস্কার গ্রহণের কথা রয়েছে।

বিশ্বে দারিদ্র্য বিমোচন ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনডিপির কার্যক্রম অগ্রগতির যে স্বাক্ষর রাখছে তার ওপর লেখা গল্প নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে আন্তর্জাতিক এই সংস্থা। প্রতিযোগিতায় মোট ১২টি গল্পকে পুরস্কারের জন্য বাছাই করা হয়। শ্যামলা বেগমের স্বাবলম্বী হওয়ার গল্পটি সেখানে দ্বিতীয় স্থান লাভ করেছে।

যুক্তরাজ্য ও ইউএনডিপির যৌথ উদ্যোগে পরিচালিত আরবান পার্টনারশিপ ফর পোভার্টি রিডাকশনের (ইউপিপিআর) সহায়তায়  দুই সন্তানের মা শ্যামলার নিজের পায়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে ওই গল্পে। প্রায় তিন বছর আগের কথা, স্বামী রিকশাচালক জামালের হাত ধরে গ্রাম থেকে ঢাকায় এসে একটি বস্তিতে উঠেন শ্যামলা। ভালোই কাটছিল দিন। কিন্তু দ্বিতীয় সন্তানও মেয়ে হওয়ায় ‘ক্ষুব্ধ’ জামাল  স্ত্রী-সন্তান ফেলে নিরুদ্দেশ হয়ে যান। বিভিন্ন জায়গায় অনেক ঘুরাঘুরি করেও স্বামীর খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েন শ্যামলা।

 

সে সময় আরবান পার্টনাশিপ  ফর পোভার্টি রিডাকশনের  দেয়া সহায়তার আড়াই হাজার টাকায় বস্তিতেই চায়ের দোকান দেন তিনি। দুই মাসের মাথায় লাভের মুখ দেখেন। এখন বেশ স্বচ্ছলতার সঙ্গেই চলছে তার সংসার। এনজিওর সহায়তায় তার মেয়েরাও যাচ্ছে স্কুলে।

ইউএনডিপি দ্বিতীয় বছরের মত এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিশ্বের ৬৬টি দেশ থেকে ১২০টি গল্প চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়। সেগুলোর মধ্য থেকে ১২টি গল্পকে পুরস্কার দেয়ার জন্য বেছে নেন ১২ সদস্যের বিচারকমণ্ডলি, যাদের মধ্যে আন্তর্জাতিক উন্নয়ন ও রাজনীতি বিষয়ক সাংবাদিক ও কূটনীতিকরা ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে ব্রাজিলের একটি আদিবাসী পরিবারের আধুনিক প্রযুক্তির চুলা ব্যবহারের গল্প। ইউএনডিপির সরবরাহ করা পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব চুলা ব্যবহারের মাধ্যমে ওই আদিবাসী পরিবার কিভাবে আধুনিক প্রযুক্তির ছোয়া পেয়েছে তা উঠেছে গল্পে।

প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেছে চীনের আপেল উৎপাদনকারী কৃষকদের একটি গল্প। ইউএনডিপির একটি প্রকল্পের সহায়তায় পরিবেশবান্ধব প্রযুক্তিতে আপেল উৎপাদন করে কিভাবে তারা লাভবান হচ্ছে তা বলা হয়েছে ওই গল্পে।

সোমবার জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ প্রতিযোগিতা সম্পর্কে ইউএনডিপির প্রধান হেলেন ক্লার্ক বলেন, “এসব গল্পের মধ্য দিয়ে যে বিষয়টি উঠে এসেছে তা হলো- দরিদ্রদের কল্যাণেই ইউএনডিপির সব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।”