বেসরকারি মেডিকেল ফি নির্ধারণে নীতিমালা প্রণয়নে রুল
সরকারি মেডিকেল কলেজে সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি ফি ও টিউশন ফি নির্ধারণ করে নীতিমালা প্রণয়নের নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
রোববার একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ এই রুল জারি করে।
মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
লইয়ার্স সোসাইটি ফর ল’ নামে একটি সংগঠনের চেয়ারম্যান এ কে এম ফয়েজ রিট আবেদনটি করেন।
আদালতে রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মেজবাহুল ইসলাম আসিফ ও শাহানা পারভীন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।
গত ২২ ডিসেম্বর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ‘৬৫০ কোটি টাকার বাণিজ্য’ শিরোনামে একটি প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ভর্তি ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৬৫০ কোটি টাকা নিচ্ছে দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো। ফি নির্ধারিত না থাকায় কলেজগুলো ইচ্ছামতো টাকা আদায় করছে।
এতে বলা হয়েছে, “বেসরকারি কলেজগুলোতে ভর্তি ফি সরকারি কলেজগুলোর চেয়ে গড়ে ১২৫ গুণ বেশি। ঢাকা মেডিকেল কলেজে এ বছর ভর্তির সময় নেওয়া হচ্ছে ১০ হাজার টাকা। বেসরকারি মেডিকেলে ভর্তি ফি সবচেয়ে কম গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে, আট লাখ ২৫ হাজার টাকা। সবচেয়ে বেশি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে, ১৫ লাখ ৯৫ হাজার টাকা। অধিকাংশ কলেজ নিচ্ছে ১৩ লাখ টাকা।
“বেসরকারি মেডিকেলে ভর্তি ফি স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারণ করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেছেন, জোট সরকারের আমলে বিএনপি নেতাদের কারণে ফি নির্ধারণ করা যায়নি। এখন আওয়ামী লীগ নেতাদের কারণে যাচ্ছে না।”
