২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাস ভাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৫

ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে সাতক্ষীরা শহরে বাসযাত্রী ও শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 02:48 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে রোববার দুপুরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ তিনজনকে আটক করেছে।

পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। তাদের সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী শহরের ইটাগাছার কাদের মোল্লা ও সদর থানার ওসি গাজী মো. ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস ভাড়া নিয়ে কথা কাটাকটির এক পর্যায়ে বাসের সহকারী এক যাত্রীকে চড় দিলে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এক পর্যায়ে সহকারী ওই যাত্রীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলে এলাকাবাসী ও বাসযাত্রীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু।

এ সময় দুপক্ষ হকিস্টিক, ধারালো অস্ত্র ও লাঠিসোটা ব্যবহার করে।

সংঘর্ষ থামাতে গিয়ে থানার পরিদর্শক আমিনুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। দুপক্ষের সঙ্গে সমঝোতা বৈঠক চলছে। আটক মামুন, মাসুদ ও চান্দুর বিরুদ্ধে কেউ অভিযোগ না করলে ছেড়ে দেয়া হবে।