বঙ্গোপসাগরে সাত ট্রলারে ডাকাতি, নিখোঁজ ২৮
বঙ্গোপসাগরের গত দুইদিনে সাতটি মাছধরা ট্রলারে ডাকাতি হয়েছে। এসব ঘটনায় ছয় জেলে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে অন্তত ২৮ মাঝি-মাল্লা।
কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গোপসাগরের কক্সবাজার-মহেশখালীর মাঝামাঝি এলাকায় রোববার ভোরে পাঁচটি ও শনিবার দুপুরে দুইটি ট্রলারে ডাকাতি হয়।
নিখোঁজদের মধ্যে ট্রলার ‘এফবি সাগ’র রয়েছে ১৭ জন এবং এফবি ছেনুয়ারা-২ এর রয়েছে ১১ জন।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলার ডাকাতির ঘটনায় শনিবার ও রোববার দুটি অভিযোগ দায়ের হয়েছে।
শনিবার কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদের অভিযোগে ১১ জন নিখোঁজ হওয়ার কথা জানানো হয়।
এছাড়া রোববার এফবি ছেনুয়ারা-২ এর মালিক আবু সুলতানের অভিযোগে শনিবার ও রোববারের সব ঘটনায় ২৮ জন নিখোঁজের (শনিবার ১১ জন এবং রোববার ১৭ জন) কথা বলা হয়, বলেন পুরিশ কর্মকর্তা।
তিনি আরো বলেন, এফবি ছেনুয়ারার ১৭ মাঝি-মাল্লা ছিল। এদের মধ্যে গুলিবিদ্ধ ছয়জেলেকে শনিবার রাতে উদ্ধার করা হয়েছে। ওই ছয় জনই নিখোঁজ ১১ জনের কথা জানান।
ডাকাতের হামলায় আহত এফবি ছেনুয়ারা- ২ এর মাঝি ছৈয়দ নুর (৩২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘবদ্ধ জলদস্যুদের কাছে ভারী অস্ত্র আছে। তারা গুলি করা ছাড়াও জেলেদের নির্যাতন করে সাগরে ফেলে দেয়। এরপর ট্রলারসহ লুট করে নিয়ে যায়।
কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গোপসাগরের জলদস্যূদের তৎপরতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। গত ২০ দিনে সাগরে ২৬টি ট্রলারে ডাকাতি হয়েছে।
এ ব্যাপারে কক্সবাজার জেলা বোট মালিক সমিতি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করেছে বলে তিনি জানান।
অভিযোগে ২০ ডাকাতের নাম উল্লেখ করা হয়েছে।
এরা হলেন মহেশখালির সোনাদিয়া এলাকার নাগু মেম্বার, মোকারম জাম্বু, সরওয়ার বতইল্ল্যা, আঞ্জু মিয়া, রুহুল আমিন, ফারুক, মাকসুদ, সাইফুর, মোবারক, সুমন, আবদুল মোনাফ, নাগু-২, সিরাজ, শফিক, পুটিবিলার শামসুল মাঝি, কুতুবজোমের আবদুস সবুর, কক্সবাজার শহরের ফারুক, চট্টগ্রামের আহমদ নবী, কুতুবদিয়ার রমিজ ডাকাতের ভাই ইউনুছ, কাউছার।
এসব ঘটনায় আরো ৩০ জন চিহ্নিত জলদস্যু জড়িত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
