২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফখরুলকে গ্রেপ্তার-হয়রানি নয়’

‘যথাযথ আইনি প্রক্রিয়া’ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করতে দুই মাসের অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 11:07 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

Image
BNP leader Mirza Fakhrul Islam Alamgir

BNP leader Mirza Fakhrul Islam Alamgir

রোববার মির্জা ফখরুলের করা এক রিটের শুনানি করে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।

একইসঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া তাকে হয়রানি বা নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশনা কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি হয়েছে।

শুনানি শেষে আদালত ১৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন রেখেছে।

ফখরুলের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট দুই মাসের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আইনের যথাযথ প্রক্রিয়া ছাড়া নতুন মামলায় গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আদালত এ বিষয়ে একটি রুল জারি করেছে।”

বিএনপি মহাসচিবের আরেক আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন, এই ধরনের মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতের পরোয়ানা অথবা চার্জশিট দিয়ে আদালতকে বোঝাতে সক্ষম হওয়ার বিষয়টিকেই ‘যথাযথ আইনি প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আদালতের আদেশের বিষয়ে বলেন, আদালত ফখরুলকে দুই মাসের অন্তর্বর্তীকালীন সময়ে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করার আদেশ দিয়েছে ঠিকই। তবে আদালত এও বলেছে ‘আমলযোগ্য’ অপরাধে ফখরুলকে গ্রেপ্তার দেখানো যাবে।

গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতে আসামি করা হয়েছে ফখরুলকে। এর মধ্যে চারটি মামলায় গেপ্তার দেখানোর পর উচ্চ আদালত থেকে জামিন পান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।  

এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়। ওই দুই মামলায় ফখরুলের জামিন আবেদন মহানগর হাকিম আদালত ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে গেলে হাই কোর্টে যান এই বিএনপি নেতা।

হাইকোর্ট ২ জানুয়ারি তাকে ৬ মাসের অন্তর্র্বতীকালীন জামিন দিলেও পরদিন তাকে নতুন করে মতিঝিল ও সূত্রাপুর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

১৫ জানুয়ারি গাড়ি ভাঙচুরের অভিযোগে সূত্রাপুর থানার মামলায় জামিন পান ফখরুল। মতিঝিলের মামলায় নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়ে গেলেও পরে হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পান তিনি

এরইমধ্যে ফখরুলকে কলাবাগান ও পল্টন থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। 

অবরোধের দিন পুলিশের কাজে বাধা, হামলা, হত্যা চেষ্টা ও গাড়িভাংচুরের অভিযোগে করা কলাবাগান থানার মামলায় ফখরুলের জামিন আবেদন গত ২৪ জানুয়ারি নাকচ করে দেন ঢাকার মহানগর হাকিম মো. সাইফুর রহমান। পুলিশের ১০ দিনের রিমান্ডের আবেদনও নাকচ হয়ে যায়।

আর পল্টন থানায় বিস্ফোরক আইনের মামলায় ফখরুলের জামিন ও পুলিশের রিমান্ড আবেদনও রোববার নাকচ হয়ে গেল।

এর আগে হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে মাস খানেক ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান।

পুরনো খবর:

দায়রা আদালতে জামিন আবেদন ফখরুলের