বরগুনায় পাগলা কুকুরের উৎপাত, ভ্যাকসিন শেষ
বরগুনায় গত ২৪ ঘন্টায় পাগলা কুকুরের কামড়ে আহত নারী ও শিশুসহ ২২ জন চিকিৎসা নিয়েছেন।
এক পর্যায়ে জলাতঙ্ক রোগের টিকা শেষ হয়ে যাওয়ায় চিকিৎসক ও রোগীরা বিপাকে পড়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জেলা শহরে পাগলা কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানান।
কুকুরের কামড়ে আহত নূর মোহাম্মদ রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরগুনা পৌরসভাসহ হাসপাতালের কোথাও টিকা নেই। শনিবার তাকে কুকুরে কামড়ালেও এখনো টিকা নিতে পারেননি।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল মান্নান বলেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে নারী ও শিশুসহ কুকুরের কামড়ে আহত ২২ জন চিকিৎসা নিয়েছেন।
বরগুনার সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, হাসপাতালে কুকুরের কামড়ের টিকা শেষ হয়ে গেছে। তাই নতুন রোগীদের টিকা দেয়া যাচ্ছে না।
বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাৎ হোসেন বলেন, পাগলা কুকুর নিধনের জন্য পৌরসভা থেকে একটি টিম ইতোমধ্যেই কাজ শুরু করছে।
পৌরসভায় ভ্যাকসিন না থাকার বিষয়ে তিনি বলেন, ঢাকার মহাখালীতে লোক পাঠিয়ে টিকা আনতে হয়। সেখান থেকে একবারে পাঁচটির বেশি টিকা দেয়া হয় না। এজন্য পৌরসভা থেকেও প্রয়োজন অনুযায়ী টিকা দেয়া যাচ্ছে না।
