আট বছরেও শেষ হয়নি কিবরিয়া হত্যার তদন্ত
আট বছরেও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। তাই বিচার এখনো শুরু হয়নি।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পরবর্তী এক জনসভায় গ্রেনেড বিস্ফোরণে নিহত হন কিবরিয়া।
আরো নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। আহত হন অর্ধশতাধিক।
পরদিন হবিগঞ্জ-২ আসনের বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা করেন।
মামলার পরপরই পুলিশ সুপার আবু মুসা মো. ফখরুল ইসলাম ও হবিগঞ্জ সদর থানার ওসি ইনাম আহমেদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়।
মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডি’র তখনকার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমানকে।
তিনি ২০০৫ সালের ১০ মার্চ শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম আব্দুল কাইয়ূম, যুবদল নেতা জয়নাল আবেদীন জালালসহ ১০ জনকে অভিযুক্ত করে বিচারিক আদালতে তদন্ত প্রতিবেদন (অভিযোগপত্র) দাখিল করেন।
প্রতিবেদন দাখিলের দিনই আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী আব্দুল মজিদ খান। আদালত তার এ আবেদন খারিজ করে দিয়ে ১০ মে শুনানির জন্য দিন রাখে। কিন্তু নারাজি আবেদন বাতিলের পর হাইকোর্টে আপিল করেন বাদী।
এর পরিপ্রেক্ষিতে মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
দ্রুত বিচার ট্রাইবুন্যাল মুন্সি আতিকের দেয়া অভিযোগপত্রের ওপর বিচার কাজ শুরু করতে চাইলে বর্ধিত ও অধিকতর তদন্তের আবেদন করেন মজিদ খান।
ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামী তদন্তের আবেদন খারিজ করে দিলে হাইকোর্টে রিভিশন লিভ টু আপিল করেন তিনি।
দীর্ঘ শুনানি শেষে ২০০৭ সালে মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।
সিআইডি’র এএসপি মো. রফিকুল ইসলামকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
বর্ধিত তদন্তে হামলার সঙ্গে জঙ্গি মিজান ও মুফতি হান্নান চক্রের সংশ্লিষ্টতা পাওয়া যায়। আগের অভিযুক্ত ১০ জনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তারা জামিনে মুক্ত হন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নানসহ ২৪ জনকে আসামি করে ২০১১ সালের ২০ জুন অধিকতর তদন্ত প্রতিবেদন দেয়া হয়।
তবে কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া ২৮ জুন হবিগঞ্জের বিচারিক আদালতে এ প্রতিবেদনে নারাজির আবেদন করেন।
সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ ২০১২ সালের ৫ জানুয়ারি নারাজির আবেদন গ্রহণ করে মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন।
এরপর সিআইডির এএসপি মেহেরুন নেছা পারুল অধিকতর তদন্ত শুরু করেন। কিন্তু এখনো তদন্ত কাজ সম্পন্ন হয়নি।
এ ব্যাপারে আসমা কিবরিয়ার আইনজীবী আলমগীর ভূঁইয়া বাবুল ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘ এক বছর ধরে মামলার তদন্তই শেষ হয়নি। জানি না মামলার ভবিষ্যত কী।”
তদন্ত কর্মকর্তা মেহেরুন নেছা পারুল বলেন, কিবরিয়া হত্যা মামলাটির অধিকতর তদন্ত শেষ পর্যায়ে। আগামী মার্চে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এ ব্যাপারে সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া বলেন, আসল মদদদাতা, পৃষ্ঠপোষকদের বের করা না হলে আমরা এ প্রতিবেদনের বিরুদ্ধেও নারাজি আবেদন করব।
শাহ এ এম এস কিবরিয়া ১৯৩১ সালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
