২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চা শ্রমিকদের ৫২ টাকা মজুরি উপহাস’

দৈনিক মজুরি বাড়ানোসহ আট দফা দাবিতে আন্দোলনে নেমেছে সিলেটের চা শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিলেট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 09:46 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রোববার সিলেটের ২৩টি চা বাগানের শ্রমিকরা কাজ বন্ধ রেখে সকালে মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।

স্মারকলিপিতে দৈনিক মজুরি ৫২ টাকাকে ‘উপহাস’ বলে উল্লেখ করেন শ্রমিকরা। তারা বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে  দৈনিক মজুরি কমপক্ষে তিনশ টাকা করার দাবি জানান।

এর আগে শ্রমিকরা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ব্যানারে দাবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ড-ফেস্টুন ও লাল পতাকা নিয়ে শহরে মিছিল করে কোর্ট পয়েন্ট এলাকায় সমাবেশে যোগ দেয়।

চা শ্রমিক সংঘ সিলেট ভ্যালি কমিটির আহ্বায়ক রাধামনি মুন্ডার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সিলেট জেলা সভাপতি কুমার চন্দ্র রায়, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি নুরুল হুদা ছালেহ, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মনির উদ্দিন আহমদ প্রমুখ।

বক্তরা বলেন, আজকের দিনে ৫২ টাকা দিয়ে একজন শ্রমিক দিন পার করতে পারে না। এটা তাদের সঙ্গে উপহাস করার সামিল।

উপযুক্ত মজুরি না থাকায় অনাহার-অর্ধাহার চা শ্রমিকদের সারা বছরের সঙ্গী। এ অবস্থার পরবির্তন করতে হলে তাদের মজুরি বাড়াতে হবে।

শ্রমিকদের দাবি না মানলে সারাদেশের চা শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন শ্রমিক নেতারা।

শ্রমিকদের ৮ দফা দাবির মধ্যে আরো রয়েছে এক মাসের সমপরিমাণ দুইটি উৎসব বোনাস ও একটি উৎসাহ বোনাস, চা শ্রমিকদের পূর্ণাঙ্গ রেশন প্রদান, সবেতনে সাপ্তাহিক ছুটি প্রদান, চা শিল্পে শ্রম আইন কার্যকর, প্রত্যেক বাগানে একজন এমবিবিএস ডাক্তার ও একজন প্রসুতি বিশেঘজ্ঞ রাখা, এম্বুলেন্সসহ শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চত করা, চা শ্রমিক সন্তানদের বিনামুল্যে উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা ও বাগানে কলেজিয়েট স্কুল স্থাপন করা এবং সিলেটে স্থায়ী শ্রম আদালত স্থাপন করা।