২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে শান্তিপূর্ণ হরতাল

কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথের দাবিতে জেলা শহরে ডাকা আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কক্সবাজার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 09:20 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল চলাকালে কোথাও বড় ধরনের কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতাল চলাকালে পিকেটাররা কয়েকটি রিকশা ও টমটম (ব্যাটারিচালিত যান) উল্টে দেয়। এ সময় পুলিশ তিন জনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়।

জেলা শহর থেকে দুপুর পর্যন্ত অভ্যন্তরীণ ও দূরপাল্লার পথে কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে সকাল ১০টার পর থেকে রিকশা চলাচল বাড়তে থাকে।

ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী নাইট কোচগুলো শহরের ভিতরের ঢুকতে না পারায় পর্যটকদের হেঁটে শহরের কলাতলি এলাকায় হোটেল-মোটেলগুলোতে যেতে দেখা গেছে।

সকালের দিকে শহরে রিকশা ও টমটম বন্ধ থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। সকালে বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করে।

২০১১ সালের ২৭ জানুয়ারি কক্সবাজার পৌরসভার নির্বাচন হয়। এখনো নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আইনি জটিলতার কারণে শপথ নিতে পারেননি।

গত ১৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে মেয়র ও কাউন্সিলররা শপথের দাবিতে ধারাবাহিক আন্দোলন শুরু করেন।

এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার পৌর কার্যালয় ঘেরাও এবং শনিবার শহরে গণমিছিল করেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে বাস টার্মিনাল, আলী জাহান, হাশেমিয়া মাদ্রাসাসহ বিভিন্ন পয়েন্টে বিভিন্ন কাউন্সিলরদের সমর্থকরা অবস্থান নেয়। এসব এলাকায় অন্তত ১০টি রিকশা ও টমটম উল্টে দেয়া পিকেটাররা। পরে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল শেষ হয়েছে। বিভিন্ন পয়েন্ট থেকে তিন জনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়।

এদিকে বেলা ১২টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে হরতালের সমর্থকদের পূর্ব নির্ধারিত সংহতি সমাবেশ হয়নি। ওই সমাবেশে থেকে পরবর্তি কর্মসূচি ঘোষণার কথা ছিল।

এ ব্যাপারে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ছালামতউল্লাহ বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিনের মধ্যেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।