২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাহাড়ে হেডম্যানদের অধিকার ধ্বংসের ষড়যন্ত্র চলছে’

 পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) হেডম্যানদের পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

তিনি বলেন , “পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী হেডম্যানদের প্রথাগত অধিকার চিরতরে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। একমাত্র পার্বত্য চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে ই হেডম্যানদের প্রথাগত অধিকার সংরক্ষণ সম্ভব।”

শনিবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে দুদিন ব্যাপী পার্বত্য চট্টগ্রাম হেডম্যান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই সভাপতি অভিযোগ করেন, বর্তমান সরকারের শাসনামলে গত চার বছরে পাহাড়ে পাঁচ দফা জাতিগত সংঘাতের ঘটনা ঘটেছে।

“সরকার পার্বত্য চট্টগ্রামে এইসব জাতিগত সংঘাত বন্ধের উদ্যোগ না নিয়ে বরং আরও উস্কে দিয়েছে।”

সিএইচটি হেডম্যান নেটওর্য়াকের সভাপতি রাংলাই ম্রোর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, আইএলও-এর জাতীয় সমন্বয়ক অভিলাষ ত্রিপুরা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা। তিন পার্বত্য জেলার দুই শতাধিক হেডম্যান সম্মেলনে অংশ নেন।

সন্তু লারমা বলেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরের ১৫ বছরেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে সরকার উদ্যোগ নেয়নি। পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ আইন করা হলেও সেগুলো কার্যকর করা হয়নি।

এজন্য তিনি সরকারের ‘আন্তরিকতা ও সদিচ্ছার’ অভাবকে দায়ী করেন।

১৯৯৮ সালে শেখ হাসিনার সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরে পাহাড়িরা। গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, যার চেয়ারম্যান হন সন্তু লারমা।

তবে ভূমি বিরোধসহ ওই চুক্তির সব ধারা এখনো বাস্তবায়িত হয়নি, যা নিয়ে অসন্তোষ রয়েছে সন্তু লারমা নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির।

জাতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হেডম্যানদের সতর্ক করে দিয়ে সন্তু লারমা আরো বলেন,

“আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ছেড়ে আত্মনিয়ন্ত্রণ অধিকার আন্দোলনকে বেগবান করুন। অন্যাথায় কিভাবে ছাড়াতে হয় তা আমাদের জানা আছে।”

সম্মেলনে তিন পার্বত্য জেলার চাকমা, মং ও বোমাং সার্কেল (রাজা) উপস্থিত না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।