রাঙামাটিতে ১০ শিশু সাংবাদিক নির্বাচিত
ইউনিসেফের সহযোগিতায় রাঙামাটিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১০ শিশু সাংবাদিক বাছাই সম্পন্ন হয়েছে।
শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নির্বাচিতদের সনদপত্র বিতরণ করেন।
নির্বাচিতরা হল প্রসেনজিৎ চাকমা, সুইটি দেওয়ান, রঙিলা চাকমা, রিয়া চাকমা, পিকলু দাশ, ফুংপ্রে ম্রো, মিলিপ্রু মারমা, জ্ঞান বিকাশ তংচংগ্যা, নাথান এল রনাল পাংখোয়া ও জিংতিয়াম পার বম।
সকালে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় অংশ নেয় অর্ধশতাতিক শিশু।
এর আগে একই কর্মসূচির অধীনে শিশু সাংবাদিক নির্বাচন হয়েছে নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কক্সবাজার ও বান্দরবানে।
প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, পার্বত্যাঞ্চলে সাংবাদিকরা অনেক সময় সত্য ও বস্তুনিষ্ঠতায় আগ্রহী হলেও বিশেষ মহলের চাপে প্রকৃত সত্য তুলে ধরতে পারেন না।
একজন সাংবাদিককে অবশ্যই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল মনোভাবাপন্ন এবং সর্বক্ষেত্রে প্রভাবমুক্ত হবে বলে তিনি মন্তব্য করেন।
সাংবাদিকতায় শিশুদের নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন সন্তু লারমা।
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি সভাপতি সুশীল প্রসাদ চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমার অনুষ্ঠান সঞ্চলনা করেন।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মোস্তফা হাকিম প্লেটো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে অতিথিদের হাতে উপহার তুলে দেন মোস্তফা হাকিম প্লেটো।
