ভারতের পদ্মশ্রী সম্মানে নোয়াখালীর ঝর্ণা
প্রথম কোনো বাংলাদেশি নাগরিক হিসেবে ঝর্ণা ধারা চৌধুরীর নাম উঠে এসেছে ভারতের অন্যতম শীর্ষ বেসামরিক পদক পদ্মশ্রী প্রাপ্তদের তালিকায়।
শনিবার ভারতের ৬৪তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পদক প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টের সেক্রেটারি ঝর্ণা ধারা চৌধুরীই প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে এ পদকের জন্য মনোনীত হয়েছেন।
সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য তাকে এ সম্মান জানানো হয়েছে বলে ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর জানুয়ারি মাসে তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ ও পদ্মশ্রী প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
“দীর্ঘদিন বাংলাদেশের জনগণ বিশেষ করে নোয়াখালীর মানুষের পাশে দাঁড়ানো এবং নিঃস্বার্থ সেবার স্বীকৃতি হিসেবে ঝর্ণা চৌধুরীকে এ সম্মান জানানো হয়েছে।”
সাধারণত মার্চ বা এপ্রিল মাসে নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের হাতে পদক তুলে দেন।
১৯৪৬ সালের শেষদিকে নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে সেখানে ছুটে আসেন ভারতের জনক মহাত্মা গান্ধী। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় চার মাস খালি পায়ে গ্রামের পর গ্রামে হেটে অহিংসার বাণী প্রচার করেন। তার সেই স্মৃতি নিয়ে নোয়াখালীতে গড়ে ওঠে গান্ধী আশ্রম ট্রাস্ট।
শৈশব থেকে ওই ট্রাস্টে কাজ করে আসছেন ঝর্ণা চৌধুরী। বলা হয়ে থাকে, তার আন্তরিক প্রচেষ্টার কারণেই ওই এলাকার দরিদ্র মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এই ট্রাস্টের জনকল্যাণমূলক কর্মকাণ্ড। নোয়াখালীর বেগমগঞ্জে এই ট্রাস্ট অঙ্গণে ২০০০ সালে একটি জাদুঘর চালু করা হয়।
এবারের পদ্মশ্রী পদক প্রাপ্তদের তালিকায় বলিউড তারকা শ্রী দেবী, নানা পাটেকারের নাম রয়েছে। এছাড়া শ্যুটার বিজয় কুমার, চিত্রপরিচালক রমেশ সিপ্পি, রেস্টলার যোগেশ্বর দত্ত ও বক্সার দিংকো সিংয়েরও নাম এসেছে পদকপ্রাপ্তদের তালিকায়।
পদ্মশ্রীর সঙ্গে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ প্রাপ্তদেরও নাম ঘোষণা করা হয় এদিন।
সত্তরের দশকের বলিউডের জনপ্রিয় জুটি রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুরের নাম ঘোষণা করা হয়েছে পদ্ম ভূষণ প্রাপ্তদের তালিকায়। গত বছর ১৮ জুলাই পৃথিবী ছেড়ে যাওয়া রাজেশ খান্নার পক্ষ থেকে তার উত্তরসূরিদের কেউ এ পদক গ্রহণ করবেন।
এছাড়া ক্রিকেটার রাহুল দ্রাবিড়, বক্সার ম্যারি কোম, শিল্পপতি আদি গোদরেজ ও কমেডিয়ান জসপাল ভাটি পদ্ম ভূষণ পদক পাচ্ছেন। জসপাল ভাট্টিও গত বছর মারা যাওয়ায় তারে পক্ষে অন্য কেউ এ পুরস্কার গ্রহণ করবেন।
অবশ্য পদ্ম ভূষণ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় গায়িকা এস জানকি।
তামিল, তেলেগু ও হিন্দিসহ বেশ কয়েকটি ভাষায় ২০ হাজারের বেশি গানে কণ্ঠ দেয়া ৭৫ বছর বয়সী এ শিল্পী বলেছেন, তার সাড়ে পাঁচ দশকের গায়কী জীবনের এ স্বীকৃতি এসেছে অনেক পরে। তবে এ জন্য ভারত সরকারের প্রতি তার কোনো ক্ষোভ নেই।
