গাজীপুরে পিটিয়ে হত্যা: ২ যুবক গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোবাইল ফোনে ধারণ করা ভিডিও চিত্র দেখে তাদের সনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন উপজেলার সিনাবহ এলাকার রজব আলীর ছেলে মিরাজ আলী (৩৫) ও ওয়াজেদ আলীর ছেলে হিটলার মিয়া (৩০)।
উপজেলার সিনাবহ এলাকায় গত ১৯ জানুয়ারি বুদ্ধি প্রতিবন্ধী মর্জিনা আক্তারকে (৩৫) ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করে জনতা।
ওই ঘটনায় ৪০০-৫০০ অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে মামলা হয়েছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মর্জিনাকে মারধর করার সময় এলাকার কয়েকজন তাদের মোবাইল ফোনে তার ভিডিও চিত্র ধারণ করে।
পুলিশ এলাকাবাসীর কাছ থেকে এসব ভিডিও চিত্র সংগ্রহ করে তদন্তে ব্যবহার করছে।
বৃহস্পতিবার রাতে সিনাবহ এলাকায় গ্রেপ্তার অভিযান চালায়। মিরাজ আলী ও হিটলার মিয়াকে এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিল বলে পুলিশ কর্মকর্তা জানান।
