২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক নারী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 09:55 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

নিহতরা হলেন আমীর হোসেন (২৭), বজ গোপাল ঘোষ (৫০) ও মেঘলা (৭)।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আমীর হোসেন কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়ার স্টারলিংক ডিজাইন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক।

শুক্রবার রাত ১০টায় কাজ শেষ স্ত্রী মাহমুদা আক্তারসহ (২০) বাড়ি ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।

এলাকাবাসি দুজনকে গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পর আমীর মারা যান।

তিনি বলেন, সকালে মৃত্যুর সংবাদ পেয়ে ওই কারখানার শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাংচুর এবং মহাসড়ক ঘণ্টাখানেক অবরোধ করে রাখে।

কালিয়াকৈর থানার ওসি মীর রকিবুল হক বলেন, শনিবার সকালে একই মহাসড়কের সাহেববাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় কালিয়াকৈর বাজারের মিষ্টি ব্যাবসায়ী বজ গোপালা আহত হন। ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।।

শনিবার সকালে অন্য দুর্ঘটনাটি ঘটে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায়।

শ্রীপুর মহাসড়ক থানার ওসি মো. রইছ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় শিশু মেঘলা ঘটনাস্থলেই নিহত হয়।

ময়মনসিংহের পাগলার পাইফল গ্রামের আফতাব উদ্দিনের মেয়ে মেঘলার মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।