২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধাক্কায় ছিটকে পড়া শিশুর ওপর দিয়ে চলে গেল ট্রাক

মুন্সীগঞ্জ শহরে ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 04:02 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার সকাল সোয়া ৮টার দিকে শহরের ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত অর্চি আক্তার (৫) একটি সাইকেলের পেছনে চড়ে যাচ্ছিল। ট্রাকের ধাক্কায় সে রাস্তায় ছিটকে পড়ে। এরপর তাকে ট্রাকটি চাপা দেয় বলে পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন।

মুন্সীগঞ্জ সদর থানার এই উপপরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইকেলটি চালাচ্ছিল অর্চির চাচাত ভাই রাজন (১৩)। এতে অর্চির ভাই খুশবা হোসেনও (৮) ছিল।

ট্রাকের ধাক্কায় রাজন ও খুশবাও আহত হয়েছে। তবে তাদের জখম গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা সিরাজ জানান, দুর্ঘটনার পরপরই জনতা ট্রাকটি আটকে ফেলে। এরপর চালক মোহাম্মদ মিজানকে মারধর করে পুলিশে দেয়।

মিজান ভোলার চর ফ্যাশন রসুলপুরের হাসেম চকিদারের ছেলে।

নিহত অর্চি মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাই গ্রামের জহুর উদ্দিনের মেয়ে।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে এসআই সিরাজ বলেন, রাজন দুই চাচাত ভাইবোনকে নিয়ে শহরে আসছিল। 

““পথে ট্রাকটি পেছন থেকে সাইকেলকে ধাক্কা দিলে অর্চি ছিটকে রাস্তার ওপর পড়ে। তখন ট্রাকটি তার ওপর উঠে যায়।””

অর্চিকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। তবে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি মারা গেছে।