২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাত ছিনতাই চেষ্টা, পুলিশ-জনতা সংঘর্ষ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ডাকাত সন্দেহে আটকদের ছিনিয়ে নেয়ার সময় এলাকাবাসীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 03:22 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

এ ঘটনায় শুক্রবার সারাদিন উপজেলার সাগরিয়া বাজারে থানা পুলিশকে অবরুদ্ধ করে রাখে জনতা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে। 

সংঘর্ষে পাঁচ পুলিশ, দুই সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাগরিয়া বাজারের পাশে মোটরসাইকেলে ঘোরাফেরা করার সময় সন্দেহ হলে স্থানীয়রা নয় ব্যক্তিকে আটক করে। পরে তাদের বুড়িরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া আলী মোবারকের কাছে সোপর্দ করে।

খবর পেয়ে সকাল ১০টায় হাতিয়া থানা পুলিশ আটকদের থানায় নিতে চাইলে লোকজন বাধা দেয় এবং আটকদের মারধর শুরু করে।

এ সময় পুলিশ তাদের বাধা দিলে জনতার সঙ্গে সংঘর্ষ বাধে।

অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, প্রথমে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ এবং দুপুরে ও বিকালে দুই দফায় দাঙ্গা পুলিশ পাঠানো হয়।

সন্ধ্যা ৬টার দিকে আটকদের নিয়ে পুলিশ হাতিয়া থানায় আসে। এ সময় আটকদেরর ব্যবহত চারটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড গুলি ছোঁড়ে বলেও তিনি জানান।

আহতদের মধ্যে রয়েছেন হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন, নয়া দিগন্তের সাংবাদিক তুহিন এবং সমকালের সাখাওয়াত হোসেন।

আটকরা হলেন জামাল উদ্দিন মিলন (৩৫), শরীফ (২৮), আব্দুল মালেক (২৮), বাবুল (৩০), মোশাররফ হোসেন (২৫), সোহেল (২৮), নূর নবী (৩৭), রিয়াজ (২৫০, মাসুদ মুন্সি (৩০)।