ভাড়া বাড়বে নৌপথেও: মন্ত্রী
সড়ক পরিবহনের ভাড়া বাড়ানোর পর এবার নৌপথে ভাড়া বৃদ্ধির প্রক্রিয়া চলছে বলে জানালেন নৌমন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার মাদারীপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লঞ্চ ভাড়া বৃদ্ধির একটি প্রস্তাব আছে। যেহেতু জ্বালানি তেলের দাম বেড়েছে সে কারণেই লঞ্চ মালিকরা এ দাবি করেছেন।
“লঞ্চ ভাড়া বৃদ্ধির জন্য কস্টিং কমিটি করা হয়েছে। সেই কমিটির প্রস্তাব বিবেচনা করে কতটুকু রক্ষা করা যায় সেটি দেখা হবে।”
সর্বশেষ গত ৩ জানুয়ারি সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। পেট্রোল ও অকটেন লিটারে ৫ টাকা করে এবং ডিজেল ও কেরোসিন লিটারে ৭ টাকা করে বাড়ানো হয়েছে।
এরপর গত ২০ জানুয়ারি আন্তঃজেলা ও দূরপাল্লায় ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এতে আগে যেখানে যাত্রীদের প্রতি কিলোমিটারে এক টাকা ৩৫ পয়সা ভাড়া দিতে হত, সেখানে এখন এক টাকা ৪৫ পয়সা করে দিতে হবে।
এ প্রসঙ্গে শাজাহান খান বলেন, সড়ক পরিবহন সেক্টরের কস্টিং কমিটির সুপারিশ অনুযায়ী যে ভাড়া বাড়ানো হয়েছে তা যৌক্তিক। লঞ্চ ভাড়াও সামঞ্জস্যপূর্ণভাবেই বাড়ানো হবে।নৌপরিবহন মন্ত্রী সকালে শহরের ডনোভান সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শরীফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক ও মাদারীপুর সহকারী পুলিশ সুপার (এসএসপি-সার্কেল) মো. রাসেল শেখ উপস্থিত ছিলেন।
