মোবারকের ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ দাখিল ১২ ফেব্রুয়ারি
ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেনের বিরুদ্ধে অভিযোগ দাখিলের জন্য ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ওই দিন পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ানোসহ এই আদেশ দেয়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ হয়েছে।
তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, নির্যাতন, অপহরণ ও আটকের মোট পাঁচটি অভিযোগ পাওয়া গেছে।
প্রসিকিউটর সাহিদুর রহমান ট্রাইব্যুনালকে জানান, মোবারকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন তারা হাতে পেয়েছেন। প্রতিবেদন পর্যালোচনা করতে তাদের সময়ের দরকার।
আরেক প্রসিকিউটর সুলতান মাহমুদ জানান, দুই সপ্তাহের মধ্যে তারা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে পারবেন।
মোবারকের উপস্থিতিতে তার আইনজীবী এস এম শাহজাহান জামিনের মেয়াদ বাড়ানোর আরজি জানান। পরে আদালত ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে দেয়।
মোবারক হোসেন আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দুই বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার বাড়ি আখাউড়ার নয়াদিল গ্রামে।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানায়, গত বছরের ১৬ জুলাই মোবারকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়। তার বিরুদ্ধে ২১ জনকে সাক্ষী করা হয়েছে।
চারটি খণ্ডে ২৯৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের সঙ্গে এই সাক্ষীদের জবানবন্দি ও ১৮২ পৃষ্ঠার বই-পত্র, পত্রিকা ও সরকারি নথি সংযুক্ত রয়েছে।
২০০৯ সালের ৩ মে আবদুল খালেকের মেয়ে খোদেজা বেগম ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম আদালতে মোবারক হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মোবারক হাইকোর্টে জামিনের আবেদন করলে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়। পরে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাই কোর্ট।
২০১১ সালের ১৯ অক্টোবর মোবারক ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।
ওই আদালত জানায়, মোবারকের বিরুদ্ধে অভিযোগ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তাকে জামিন দেয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার।
পরে তার আইনজীবী এস এম শাহজাহান ট্রাইব্যুনাল-১-এ জামিনের আবেদন করেন।
১৬ জুলাই বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ মোবারককে ৯ সেপ্টেম্বর আদালতে হাজির হতে বলে।
তার অপরাধের বিষয়ে ওইদিন তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকেও নির্দেশ দেয়া হয়।
মোবারকের আইনজীবী শাহজাহান জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তার মক্কেলের বিরুদ্ধে এই মামলা হয়।
ট্রাইব্যুনালে জানানো হয়, বিচারিক আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা ৬৪৫টি মামলার তদন্ত এখনো ঝুলে আছে। এসব মামলায় কারাবন্দি আছেন চারজন।
