২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার চলছে লাইফ সাপোর্টে’

বর্তমান সরকার ‘লাইফ সাপোর্ট’ নিয়ে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা তরিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 01:20 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বৃহস্পতিবার বিকালে দলের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শোভাযাত্রার আগে এক সমাবেশে দলের স্থায়ী কমিটির এই সদস্য দাবি করেন, দেশ চরম সংকটের মধ্যে চলছে। অনবরত সংবিধান ‘লঙ্ঘন’ করা হচ্ছে।

“মুমূর্ষু রোগীকে হাসপাতালে যেভাবে লাইফ সাপোর্ট দিয়ে বাচিঁয়ে রাখা হয়, বর্তমান সরকারও লাইফ সাপোর্ট নিয়ে চলছে। তারা (সরকার) চিৎকার করে বলছে, আমরা বেঁচে আছি।এখন সময় এসেছে, এই সরকারের শেষ বাঁজি বাজানোর।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়।

নানা রঙের ব্যানার-ফেষ্টুনসহ জিয়ার বড় বড় প্রতিকৃতি নিয়ে কয়েক হাজার নেতা-কর্মী এই শোভাযাত্রায় অংশ নেন।

রাশিয়া থেকে সমরাস্ত্র কেনা নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তরিকুল ইসলাম বলেন, সশস্ত্র বাহিনী বিভাগ বলেছে, রাশিয়া থেকে অস্ত্র কেনা যুক্তিসঙ্গত হয়েছে। আবার এখন প্রধানমন্ত্রীও বলছেন, রাশিয়া থেকে অস্ত্র কেনা যুক্তিযুক্ত হয়েছে। আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য ওই অস্ত্র কেনা হচ্ছে।

“আমরা বলব, সময়ই বলে দেবে এই চুক্তি কতোটা সঙ্গত হয়েছে। শুধু শুধু এ নিয়ে সন্দেহের উদ্রেগ না করাই ভালো।”

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাশিয়া থেকে অস্ত্র কেনার চুক্তির পক্ষে যুক্তি দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামরিক বাহিনীকে শক্তিশালী করাই এর উদ্দেশ্য।

রাশিয়ার সঙ্গে চুক্তির সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী এর আগে অন্য দেশ থেকে একই প্রক্রিয়ায় অস্ত্র কেনার তথ্যও তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর সফরে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হয়, যার আওতায় দেশটি ১০০ কোটি ডলার দেবে, যা দিয়ে দেশটি থেকে বিভিন্ন সমর সরঞ্জাম কেনা হবে।

রাশিয়ার সঙ্গে এই চুক্তি নিয়ে বিএনপির সমালোচনার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী আরো বলেন, “সামরিক বাহিনীর ঘাড়ে চড়ে ক্ষমতায় যাবেন। আর, তাদের জন্য অস্ত্র কিনলে এত অনীহা কেন? এটাই আমার প্রশ্ন। এরপর, হয়ত প্রশ্ন আসবে- সামরিক বাহিনীর দরকার কী?”

সশস্ত্র বাহিনী বিভাগ রাশিয়ার সাথে এই চুক্তির বিস্তারিত জানানোর পরেও প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে তরিকুল বলেন, “সশস্ত্র বাহিনীর জাস্টিফিকেশনের পরেও কি এমন ঘটলো দুই দিনের মাথায় প্রধানমন্ত্রীকে চুক্তির বিষয় জানাতে জাতির সামনে হাজির হতে হলো। তাহলে কি চুক্তি নিয়ে কোন সংশয় কিংবা প্রশ্ন আছে?”

একাত্তরের মুক্তিযুদ্ধে সমর্থনকারী সেই সময়কার সোভিয়েত ইউনিয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান রাশিয়া আর অতীতের রাশিয়া এক নয়। তখন ছিলো সমাজতান্ত্রিক রাশিয়া। এখন তারা পুঁজিবাদের প্রতিনিধিত্ব করে। রাশিয়ার ‘ফ্যাসিস্ট’ চরিত্রের চেয়ে পশ্চিমা অনেক গণতান্ত্রিক রাষ্ট্র ভালো।

পুলিশ সাপ্তাহে মহানগর ডিসি হারুন অর রশীদকে রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদানের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দম্ভ করে বলেছেন, বিরোধী দলীয় প্রধান হুইপকে পেটানোর জন্য হারুন অর রশীদকে পদক দেয়া হয়েছে।

“এটাই যদি পদক প্রদানের মানদন্ড হয়, যেসব পুলিশ সদস্য শিক্ষকদের ওপর পেপার স্প্রে (ঝাঁঝালো গ্যাস) ছুঁড়েছে, শিক্ষক হত্যা করেছে। তারাও একদিন বলবেন, আমরা সরকারের পক্ষে এতো কাজ করেছি, আমাদেরও পদক দিতে হবে।”

সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, সিনিয়র সহসভাপতি মুনির হোসেন, মহানগর দক্ষিণের আহবায়ক আলী রেজা রিপন, উত্তরের আহবায়ক ইয়াসীন আলীম, কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম পটু, মোস্তাফিজুর রহমান, হারুন অর রশীদ, মারুফ আল হাসান, আসাদুজ্জামান নেছার, খন্দকার ইকবাল হোসেন সেলিম, আনু শামীম আল আজাদ, লিটন মাহমুদ,শাহাবুদ্দিন মুন্না,কামরুজ্জামান বিপ্লব, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।