পাসের দাবিতে রেলে আগুন
পাস দেখিয়ে পরবর্তী সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী। এ সময় তারা ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট সদরের বরইকান্দি এলাকায় রেলপথ অবরোধ করে প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষায় কৃতকার্য হতে না পারা এসব শিক্ষার্থী।
এ সময় তারা ছাতক থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন থামিয়ে তাতে ভাংচুর করে এবং একটি বগিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান দক্ষিণ সুরমা থানার ওসি নাসির উদ্দিন।
পরে পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্তণে আনে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক সেমিস্টারের পরীক্ষায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে শিক্ষকরা ইচ্ছে করে ফেল করিয়ে দিয়েছেন। এতে তাদের ছয় মাস পিছিয়ে পড়তে হবে।
অকৃতকার্যদের পাস দেখিয়ে পরবর্তী সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সুশান্ত কুমার বসু বলেন, “সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একই নিয়মে পরিচালিত হয়। নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। এ নিয়ে ছাত্রদের আন্দোলন করা ঠিক নয়।”
তিনি বলেন, প্রথম বর্ষে চার সেমিস্টারের মধ্যে একটি সেমিস্টারে ১৮ থেকে ১৯ জন শিক্ষার্থী তিনটির বেশি বিষয়ে ফেল করেছে। আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে তারা এ আন্দোলন করছে।
