বরিশাল শিক্ষা বোর্ডে ডাকাত, মালামাল তছনছ
বরিশাল শিক্ষা বোর্ড কার্যালয়ে গভীর রাতে সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে বিভিন্ন কক্ষের মালামাল ওলট-পালট করে রেখে গেছে।
তবে ডাকাতরা কী কী নিয়েছে তা জানাতে পারেনি বোর্ড কর্তৃপক্ষ।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক বিমল কৃষ্ণ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ২টার দিকে ভবনের পিছনের সিঁড়ির ভেন্টিলেটরের গ্রিল কেটে একদল ডাকাত বোর্ড কার্যালয়ে প্রবেশ করে।
নৈশপ্রহরীদের বরাত দিয়ে তিনি বলেন, তাদের কাছে বিভিন্ন দেশীয় অস্ত্র ও পিস্তল ছিল। অস্ত্রের মুখে জিম্মি করে তারা পাঁচ নৈশ প্রহরীকে বেঁধে ফেলে। এরপর বোর্ডের ১৭টি কক্ষে ঢুকে বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে।
এ সময় ২৬টি স্টিলের আলমারি, পাঁচটি ফাইল কেবিনেট এবং কর্মকর্তা-কর্মচারীদের টেবিলের ড্রয়ার ভাংচুর করা হয় বলে জানান তিনি।
দেড় ঘণ্টা পর ডাকাত দল কার্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে যায়।
এ ঘটনায় বোর্ড সচিব বাদী হয়ে কারো নাম উল্লেখ না করে বিমান বন্দর থানায় একটি মামলা করেছেন বলে জানান ওই থানার ওসি মো. শহীদুল্লাহ।
তিনি বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
