২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনি ধরতে না পারা প্রশাসনিক ব্যর্থতা: তথ্যমন্ত্রী

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের সবাইকে ধরতে না পারাকে ‘প্রশাসনিক ব্যর্থতা’ হিসাবে চিহ্নিত করেছেন সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 08:43 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “সাগর-রুনির হত্যাকারীদের সবাইকে এখনও আমরা আইনের আওতায় আনতে পারিনি। এটা আইন-শৃংখলাবাহিনীর একটি প্রশাসনিক ব্যর্থতা। এ ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়ামে আয়োজিত ওই সভায় তিনি বলেন, ক্র্যাবসহ বাংলাদেশের অনেক পেশাজীবী সংগঠন এখনও সঠিক সময়ে নির্বাচন ও দায়িত্ব হস্তান্তরসহ গণতান্ত্রিক চর্চা চালিয়ে যাচ্ছে। দেশের রাজনৈতিক নেতাদের এ থেকে শিক্ষা নিতে হবে।

মন্ত্রী অারো বলেন, গণতন্ত্র মানে আইনের শাসন। গণতান্ত্রিক সমাজে যখন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাবো সেটা যেই হোকনা কেন মুখ দেখে, দল দেখে আইন প্রয়োগ না করা, দ্বিতীয় হচ্ছে আইনের উর্ধে কেউ নয় এই নীতি প্রতিষ্ঠা করা, তৃতীয় হচ্ছে অপরাধীদের রক্ষার জন্য কোন এমপি, নেতানেত্রী সেটা সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক ওকালতি না করা। “আর এই সংস্কৃতি যদি চালু হয় তা হলে গণমাধ্যম কর্মীদের কাজ করতে সুবিধা হয়।”

গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে অপরাধীদের মুখোশ উন্মোচন করার জন্য সংবাদিকদের আহবান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, এ ব্যাপারে সরকার সহযোগিতা করবে।

গত ১০ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় রাজধানীর পশ্চিম রাজাবাজারে বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

হত্যার সাত মাস পর র‌্যাবের পক্ষ থেকে সাতজনকে গ্রেপ্তার এবং আরো একজনকে চিহ্নিত করার কথা বলা হয়।

র্যাব এর আগে সন্দেহভাজন ১৩ ব্যক্তির ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রে পরীক্ষা করিয়েছে। আরো তিনজনের ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে নমুনা পাঠানো হয়েছে।

তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনো প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করে আসছে সাংবাদিকদের সংগঠনগুলো। সাগর-রুনি হত্যা রহস্য উন্মোচন এবং সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্দোলনও চালিয়ে আসছেন তারা।