ফকিরাপুলে জামায়াতের ঝটিকা মিছিল, সংঘর্ষ
রাজধানীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফকিরাপুলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবিরের শ’ খানেক নেতাকর্মী হঠাৎ ফরিকরাপুল বাজার থেকে একটি ঝটিকা মিছিল বের করে।
মিছিলটি সিএনজি পাম্পের কাছে পৌঁছানোর পর শিবির কর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর দুটি হাতবোমা ফাটিয়ে সেখান থেকে সরে যায় জামায়াত কর্মীরা।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় জামায়াত-শিবিরের ছয় কর্মীকে আটক করা হয়েছে।”
এদিকে, প্রায় একই সময়ে শ্যামলীর শিশুপার্ক এলাকায় শিবিরকর্মীরা মিছিল করার চেষ্টা করে। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে শেরে বাংলানগর থানার ওসি মো. মোমীন জানান।
