২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আযাদের ফাঁসির রায়ে প্রবাসীদের সন্তোষ

যুদ্ধাপরাধের দায়ে আবুল কালাম আযাদের ফাঁসির দণ্ডাদেশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাবলু আনসার, নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 11:40 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের যুক্তরাষ্ট্র শাখাসহ ৪২টি সংগঠনের উদ্যোগে ২১ ও ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সমাবেশ হয়।

ওই সব সমাবেশ থেকে যুদ্ধাপরাধে অভিযুক্ত অন্যদের মামলারও দ্রুত রায় ঘোষণা এবং তা কার্যকরের দাবি জানানো হয়।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, আটলান্টিক সিটি, বোস্টন, ওয়াশিংটন, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, লস এঞ্জেলেস ও টেক্সাসসহ আরো কয়েকটি শহরে এসব সমাবেশ হয়।

 সমাবেশ থেকে একাত্তরের ঘাতক-দালালদের বিচার কর্যক্রম ব্যাহত করার যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে বাংলাদেশ সরকারের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করা হয়।

২১ জানুয়ারি সন্ধ্যায় ব্রুকলিনের গ্রীণ হাউজ পার্টি হল অ্যান্ড রেস্টুরেন্টে সমাবেশ করে মুক্তিযোদ্ধা যুব কমান্ড।

সংগঠনের সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “আমরা আজ বাংলাদেশে বাচ্চু রাজাকারের যুদ্ধাপরাধের রায় দেখছি।কিন্তু মনে রাখতে হবে, এসব অপরাধীদের রক্ষায় আগেও ষড়যন্ত্র হয়েছিল, এখনো চলছে এবং ভবিষ্যতেও চলবে। ওই সব ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশ সরকারের পাশে থাকব আমরা।”

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়ে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আযাদকে মৃত্যুদণ্ড দেয়।

সমাবেশে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের ‍উপদেষ্টা কমান্ডার নুরনবী, নুরুল আমিন ও রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

একই সময়ে ‘যুদ্ধাপরাধ বিরোধী আন্তর্জাতিক ঐক্যে’র ব্যানারে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আরেকটি সমাবেশ হয়।

ড. প্রদীপ করের সভাপতিত্বে ওই আলোচনা সভায় আব্দুল মুকিত চৌধুরী, টমাস দুলু রায়, সোলায়মান আলী প্রমুখ বক্তব্য দেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অন্যদের দ্রুত বিচার ও তার বাস্তবায়নের দাবি জানান তারা।