২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর পক্ষে যুক্তি উপস্থাপন বুধবার শেষ করতে আদেশ

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে ফের শুরু চলমান যুক্তিতর্ক উপস্থাপন বুধবারের মধ্যে শেষ করার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।

একই সঙ্গে ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াত নেতাদের প্রধান আইনজীবী আব্দুর রাজ্জাক তার সমাপনী বক্তব্য তুলে ধরবেন ধরে নিয়ে তাকে বুধবার ট্রাইব্যুনালে উপস্থিত থাকা নিশ্চিত করতে আসামি পক্ষকে বলা হয়।

আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন,  যুক্তিতর্ক বিষয়ে তার নিজের এবং মক্কেলের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে।

বিচারপতি ফজলে কবির বলেন, “আপনি যেভাবে যাচ্ছেন, তাতে আপনি এটা শেষ করতে পারবেন না। আমি আপনাকে এখন বলছি, আপনাকে আর সময় দেয়া হবে না।”

চেয়ারম্যান অভিযোগগুলো ভালো করে পর্যালোচনা করে বড়  ধরনের বৈপরিত্ব থাকলে তা তুলে ধরার জন্য আসামি পক্ষের আইনজীবীকে পরামর্শ দেন।

“এছাড়া একবার তো আপনি এই মামলার যুক্তি উপস্থাপন শেষ করেছেন।”

মঙ্গলবার যুক্তি উপস্থাপন করার তৃতীয় দিন পর্যন্ত সাঈদীর পক্ষে ১৯টি অভিযোগের মোট ৭টির বিষয়ে যুক্তি পেশ করে আসামিপক্ষ।

মিজানুল ইসলাম বলেন, “ট্রাইব্যুনাল চাইলেও আমরা কালকের মধ্যে আর্গুমেন্ট শেষ করতে পারব না। কারণ তিন দিনে মোট ৭টি অভিযোগের বিষয়ে যুক্তি পেশ করেছি। এখনো ১২টি চার্জের বিষয়ে আর্গুমেন্ট করতে হবে।”

মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে তার বিরুদ্ধে  যুক্তি তুলে ধরতে প্রসিকিউশনকে একঘণ্টা সময় দেয়া হবে।

উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আইন অনুসারে সাঈদীর মামলার রায় ঘোষণার তারিখ ধার্য হবে।

এর আগে গত ৬ ডিসেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাঈদীর মামলার রায় যে কোনো দিন দেয়া হবে উল্লেখ করে মামলাটির রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রাখে ট্রাইব্যুনাল।

প্রবাসী এক আইন বিশেষজ্ঞের সঙ্গে কথিত স্কাইপ কথোপকথন নিয়ে আলোচনার মধ্যে প্রথম ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের পদত্যাগের পর বিচারপতি ফজলুল কবীরের নেতৃত্বে পুনর্গঠিত ট্রাইব্যুনাল সাঈদীর মামলার যুক্তিতর্ক ফের শুরুর সিদ্ধান্ত নেয় ।

এ মামলায় সাঈদীর বিরুদ্ধে ২০১১ সালের ৭ ডিসেম্বর প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাসহ ২৭ জন সাক্ষ্য দেয়।

তাদের মধ্যে ২০ জন মামলায় উত্থাপিত অভিযোগ বিষয়ে এবং ৭ জন জব্দ তালিকার বিষয়ে সাক্ষ্য দেয়। আসামিপক্ষ তাদের জেরা করে।

এছাড়া প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তার কাছে দেয়া ১৫ সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়।

গত বছরের ২ সেপ্টেম্বর থেকে সাঈদীর পক্ষের সাক্ষীদের সাফাই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাফাই সাক্ষী হিসেবে ১৭ জন সাক্ষ্য দেয় এবং তাদের জেরা করেছে প্রসিকিউশন।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় সাঈদীকে ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয়। পরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ মামলায় ২০১১ সালের ১১ জুলাই সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ১৪ জুলাই তার বিরুদ্ধে এ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ওই বছরের ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

মুক্তিযুদ্ধকালে পিরোজপুর জেলায় হত্যা, গণহত্যা, ধর্ষণ এবং এ ধরনের অপরাধে সাহায্য করা ও জড়িত থাকার ঘটনায় ২০টি অভিযোগ আনা হয় সাঈদীর বিরুদ্ধে। তবে আদালত ১৯টি অভিযোগ আমলে নিয়ে আদেশ দেয়।