২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলীকে লাঞ্ছিত করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগ সভাপতির পদ থেকে পঙ্কজ পুরকায়স্থকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে অব্যাহতি দিয়ে সিনিয়র সহ সভাপতি হিরণ মাহমুদ নিপুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে তাকে সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে হিরণ মাহমুদ নিপুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া অভিযোগ তদন্তে কেন্দ্র থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আরো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

গত রোববার এমসি কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. নজরুল হাকিমকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতি পঙ্কজ পুরকায়স্থের বিরুদ্ধে।

এমসি কলেজের একটি প্রশাসনিক ভবনের সংস্কার কাজ পান পঙ্কজের পরিচালনাধীন জবা কন্সট্রাকশন। কিন্তু কাজ সম্পন্ন না করেই তিনি প্রকৌশলীর কাছে পুরো বিল দাবি করেন। প্রকৌশলী নজরুল হাকিম পুরো বিল দিতে অপরাগতা প্রকাশ করলে এমসি কলেজের অধ্যক্ষের সামনে তাকে লাঞ্ছিত করেন পঙ্কজ।