চট্টগ্রামে বিপিএল ম্যাচে দর্শক বাড়ার আশা আয়োজকদের
চট্টগ্রামে বিপিএলের ম্যাচগুলোতে দর্শক উপস্থিতি বাড়বে বলে আশা করছেন স্থানীয় আয়োজকরা।
মঙ্গলবার নগরীতে বিপিএলের চট্টগ্রাম লোকাল অর্গানাইজিং কমিটির সংবাদ সম্মেলনে এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এতে আরো বলা হয়, আগামী ২৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে বিপিএল’র দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এসব ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।
নগরীর ইউসিবিএল ব্যাংক এর ওআর নিজাম রোড, দামপাড়া ও কদমতলী শাখা এবং মোবাইল ফোন কোম্পানি এয়ারটেল’র পাঁচটি আউটলেট এবং স্টেডিয়ামের জিমনেসিয়াম ভবন থেকে বিপিএলের টিকিট বিক্রি করা হবে।
স্থানীয় অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন বলেন, বিপিএলকে সামনে রেখে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে প্রস্তুত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। ম্যাচের জন্য মাঠ তৈরি, জায়ান্ট স্ক্রিন, অনুশীলন মাঠসহ সবকিছুর সংস্কার করা হচ্ছে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে।
জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় বিপিএল আয়োজনের এ সুযোগ পেল চট্টগ্রামের পুরনো এই স্টেডিয়াম। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের স্মারক এ স্টেডিয়ামে গত সাত বছর জাতীয় বা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাধারণ গ্যালারিতে জন প্রতি টিকিটের মূল্য ধরা হয়েছে দুইশ টাকা।
এ পর্যন্ত বিপিএলের ম্যাচগুলোতে আশানুরূপ দর্শক না হওয়ায় পরবর্তীতে টিকিটের মূল্য কমিয়ে দুইশ টাকা করা হয়। টিকিটের দাম কমানোয় চট্টগ্রামের ম্যাচগুলোতে দর্শক বাড়বে বলে স্থানীয় আয়োজকরা আশা করছেন।
আগামী ২৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে। ২৮ জানুয়ারি বেলা ২টায় মুখোমুখি হচ্ছে চিাটাগাং কিংস ও সিলেট রয়েলস।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিপিএল চট্টগ্রামের মিডিয়া কমিটির প্রধান আলী আব্বাস ওমর গণি চৌধুরী।
