বাহরাইনে নিহত শ্রমিকদের লাশ দেশে
বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহত ১৩ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশবাহী এমিরেটস এয়ার লাইন্সের ইকে ৮৩৮ এয়ারবাস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের ৮ নম্বর গেইটে লাশ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে লাশ এসেছে।
গত ১১ জানুয়ারি বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে আগুনে এই বাংলাদেশি শ্রমিকরা নিহত হন।
এরই মধ্যে সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা এসেছে।
সন্ধ্যায় লাশ গ্রহণের পর স্বজনদের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। পরে মন্ত্রী নিহতদের স্বজনদের কাছে মৃতদেহ দাফন ও পরিবহন বাবদ ৩৫ হাজার ৫০০ টাকা করে বিতরণ করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ওয়ারিশ নির্ধারণের পর নিহতদের প্রত্যেক পরিবারকে ২ (দুই) লাখ টাকা করে অনুদান দেয়া হবে।
নিহত কর্মীদের সংশ্লিষ্ট কর্মস্থল বাহরাইনের কোম্পানি থেকে উপযুক্ত ক্ষতিপূরণ ও পাওনাদি আদায় করে তাদের পরিবারকে দেয়া হবে বলেও জানান তিনি।
লাশ হস্তান্তরের সময় অন্যদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার সাংসদ জিকরুল হোসেন, চট্টগ্রামের পটিয়ার সাংসদ শামছুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হযরত আলী, বিএমইটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিহত কর্মীদের স্বজনরা উপস্থিত ছিলেন।
নিহত বাংলাদেশিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোয়ালী গ্রামের নাছির মিয়ার ছেলে জসিম, কাইতলা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে স্বপন ও সাইফুল ইসলাম ওরফে সবুজ, গৌরিগ্রামের আবুল বাশারের ছেলে আনোয়ার, চানমিয়ার ছেলে জরু মিয়া।
চট্টগ্রামের বোয়ালখালীর চরখিজিপুর এলাকার সগির আহমেদের ছেলে নাজির আহমেদ, পটিয়া উপজেলার বাতুয়া গ্রামের হাজি রশিদ আহমেদের ছেলে মাহবুব আলম, একই উপজেলার মারিপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে জামাল।
চাঁদপুরের কচুয়া উপজেলার নওয়াপাড়ার আলমের ছেলে টিটো মিয়া ও শাহাদাত, মতলব উপজেলার ধনপতি গ্রামের মৃত আব্দুর সাত্তারের ছেলে শাহীন খান, কুমিল্লা জেলার সদরদক্ষিণের জয়নাল আবেদিনের ছেলে মফিজুল ইসলাম এবং নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশীপুর গ্রামের আবদুর রহিমের ছেলে ওসমান গনি।
এর আগে গত বছরের ২৭ মে বাহরাইনের রাজধানী মানামা থেকে ২০ কিলোমিটার দূরে এক বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছিল। ২০০৬ সালে একই ধরনের ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ জন শ্রমিক।
বাহরাইনে বিপুল সংখ্যক বিদেশি কর্মী রয়েছে। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী এই সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি, যেখানে মোট জনসংখ্যা সাড়ে ১২ লাখের কম।
বাহরাইন থেকে ২০১১-২০১২ অর্থবছরে প্রায় ৩০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা।
