সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন, ৪ সহপাঠী আটক
নিখোঁজের নয়দিন পর সাভার থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
সোমবার রাতে সাভারের ভাকুর্তার সলমাসী এলাকায় তুরাগ নদীর ঘাটে সুবীর দাসের (২২) লাশ পাওয়া যায়। রাতে তার স্বজনরা লাশ সনাক্ত করেন।
সুবীর সাভার উপজেলা সমাজসেবা অফিসের মাঠকর্মী গৌরাঙ্গ দাসের ছেলে। তিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, গত ১২ জানুয়ারি সুবীর সাভার উপজেলা কোয়ার্টারের বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাতেই সুবীরের চার সহপাঠীকে আটক করা হয়েছে। এরা হলেন মহায়মিনুল আহমেদ ফয়সাল ওরফে সেতু (২২), ইউসুফ আলী (২১), লুৎফা আক্তার সনি (২১) ও তার স্বামী শফিক আহম্মেদ রবিন (২৫)।
এ ঘটনায় নিহতের বাবা গৌরাঙ্গ দাস বাদী হয়ে মঙ্গলবার একটি হত্যা মামলা করেছেন।
সুবীরের বাবা অভিযোগ করেন, এ চারজনকে আগেও পুলিশ আটক করেছিল। তখন উৎকোচের বিনিময়ে তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন তাদের ছেড়ে না দিলে হয়তো সুবীরকে জীবিত উদ্ধার করা যেত।
এসআই আলমগীর হোসেন টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, “তারা তো ঘটনার সঙ্গে জড়িত ছিল না। তাই মুচলেখা রেখে ছেড়ে দেই।”
