‘২০ দিনেই তিনশ নারী-শিশু নির্যাতন’
চলতি বছরের প্রথম ২০ দিনেই সারা দেশে তিনশর বেশি নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন বলে উঠে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক পরিসংখ্যানে।
মঙ্গলবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘নারী নির্যাতন- ধর্ষণ, গণ ধর্ষণ: করণীয় ও প্রতিরোধের উপায়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ পরিসংখ্যান তুলে ধরা হয়।
এতে বলা হয়, নির্যাতনের শিকার শিশুদের মধ্যে অধিকাংশের বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে।
মতবিনিময়ে উপস্থিত ৫০টি উন্নয়ন ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ছাড়াও ৬০ জন বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, গবেষক ও গণমাধ্যমকর্মী এ পরিসংখ্যানে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতিতে স্বাক্ষর করেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী মতবিনিময় সভায় বলেন, “নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা এখন সামাজিক দুর্যোগের রূপ নিয়েছে। আমরা প্রাকৃতিক দুর্যোগ রুখতে সক্ষম হলেও সামাজিক দুর্যোগ রুখে দেয়ার বিষয়ে কোনো অগ্রগতি নেই।”
নারী নির্যাতন বৃদ্ধির কারণ হিসেবে তিনি মামলার দীর্ঘসূত্রতাকে চিহ্নিত করেন এবং নির্যাতন প্রতিরোধে পুলিশ সদস্যদের সোচ্চার হওয়ার আহবান জানান।
ব্র্যাক এর ‘জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি’ প্রকল্পের আয়োজনে এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি হামিদা হোসেন, বাংলাদেশে মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার, প্রিপ ট্রাস্টের শিরীন বানু মিতিল, মনোরোগ বিশেষজ্ঞ শাহীন আখতার উপস্থিত ছিলেন।
রাশেদা কে চৌধুরী বলেন, এইডস বিষয়ে প্রশিক্ষিত ইমামরা যেভাবে জনগণকে সচেতন করছে, এই সামাজিক দুর্যোগ প্রতিরোধে একইভাবে ইমামদের কাজে লাগানো যেতে পারে।
নারী নির্যাতন প্রতিরোধে উপজেলা ভিত্তিক ‘প্রতিরোধ কমিটি’ গঠন এবং ‘কমিউনিটি রেডিও’ ও ‘যাত্রা’ পরিবেশনার মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টির পরামর্শ দেন এই উন্নয়নকর্মী।
আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি হামিদা হোসেন মনে করেন, নির্যাতন প্রতিরোধে স্কুল ও কলেজের ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেয়া যেতে পারে।
উপজেলা পর্যায়ে নারী নির্যাতন প্রতিরোধে কমিটি হলে সরকারকে চাপ দেয়া সহজ হবে বলেও মত দেন তিনি।
নারী নির্যাতনের অভিযোগ রয়েছে এমন কাউকে নির্বাচনে মনোনয়ন না দেয়ার জন্য রাজনৈতিক কর্মীদের প্রতি অনুরোধ জানান হামিদা হোসেন।
নির্যাতন প্রতিরোধে ‘হট লাইন’
নারী নির্যাতন প্রতিরোধে গত বছরের মে মাস থেকে একটি ‘হট লাইন’ চালু করা হয়েছে বলে জানান মহিলা অধিদপ্তরের ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’ এর প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, “নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটতে দেখলে যে কোনো ফোন থেকে ১০৯২১ নম্বরে ফোন করে যে কেউ অভিযোগ জানাতে পারেন।
“দেশের যে কোনো প্রান্ত থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেল থেকে প্রয়োজনীয় ব্যাবস্থা নেব।”
