ঢাকায় ভিক্ষুক ‘দেখবেন না’ কূটনীতিকরা
দূতাবাস, পাঁচ তারকা হোটেলসহ কূটনীতিকদের চলাচলের এলাকাগুলো ‘ভিক্ষুকমুক্ত’ ঘোষণা করেছে সরকার।
এছাড়া রাজধানীতে শিশুদের ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে বন্ধ করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সমাজ কল্যাণ সচিব রঞ্জিত কুমার বিশ্বাস।
তিনি সাংবাদিকদের বলেন, “বিমান বন্দর, হোটেল সোনারগাঁও, রূপসী বাংলা ও রেডিসান; বেইলী রোড এবং রাজধানীর কূটনৈতিক জোন ও দূতাবাস এলাকাগুলো ভিক্ষুকমুক্ত রাখা হবে।”
সভায় জানানো হয়, এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে ঢাকা মহানগর পুলিশ এবং ঢাকা সিটি করপোরেশন প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করবে।
এছাড়া অভিযানের সচিত্র প্রতিবেদন সরকারি-বেসরকারি গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়।
সভায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাসিমা বেগম ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
