রিতু হত্যার বিচার দাবিতে মানববন্ধন
শিশু রিতুর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সেগুন বাগিচা হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। তাদের সঙ্গে যোগ দেয় এলাকাবাসী।
স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও মানববন্ধনে দাঁড়িয়ে হত্যাকারীদের বিচার দাবি করেন।
সকাল পৌনে ১১টার দিকে এ মানববন্ধন শুরু হয়। এ সময় প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় এক ঘণ্টা মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষর্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেগুনবাগিচার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন।
সেগুন বাগিচা হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিতু তার স্কুলে দ্বিতীয় শ্রেণী পযর্ন্ত পড়েছেন।
“অভাবের সংসারে তার আর লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।”
গত শনিবার দুপুরে পল্টনের বাণিজ্যিক ভবন ট্রপিকানা টাওয়ারের চতুর্থতলার এক টয়লেট থেকে রিতুর (১১) গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে পাঁচ দিন তার কোনো খোঁজ মিলছিল না।
লাশ উদ্ধারের দিন ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজয়নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।
ধর্ষণের পর হত্যা করে রিতুর লাশ টয়লেটে ফেলে রাখা হয় কি না তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। তবে এলাকাবাসীর দাবি, শিশুটিকে খুনের আগে ধর্ষণ করা হয়েছে।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এমএ জলিল জানান, এ ঘটনায় এ পযর্ন্ত ছয়জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুদিন পুলিশ হেফাজত চাওয়া হবে।
নিহতের মা নুরজাহান বেগম থানায় একটি মামলা করেছেন। তবে এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
গ্রেপ্তার ছয়জন হলেন- নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, সেলিম বিশ্বাস, শাহাবুদ্দিন, ইস্কানদার আলী ও নুরুল ইসলাম।
এদের মধ্যে প্রথম তিনজন একটি ট্র্যাভেল এজেন্সির কর্মচারী। বাকিদের একজন ভবন ব্যবস্থাপক, অন্যরা নিরাপত্তকর্মী বলে এমএ জলিল জানান।
