২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাচ্চু রাজাকারের অবস্থান জানে সরকার’

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের অবস্থান সম্পর্কে সরকারের কাছে তথ্য আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 10:11 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ ২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পলাতক বাচ্চু রাজাকার একটি দেশে অবস্থান করছে। ওই দেশের সঙ্গে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনা হবে।”

তবে আযাদ কোন দেশে আছেন- সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলেননি মহীউদ্দীন খান আলমগীর।

তিনি বলেন, “আমরা ইন্টারপোলের সদস্য। সুতরাং তাকে যখন আনা হবে তখন ওই দেশটির নাম জানতে পারবেন।”

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে সোমবার আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলার শুরু থেকেই তিনি পলাতক রয়েছেন।

গোয়েন্দা নজরদারির মধ্যেও গত বছর ৩০ মার্চ ঢাকা ছাড়েন জামায়াতে ইসলামীর এই সাবেক রুকন। পাকিস্তানে যাওয়ার উদ্দেশ্য গত ২ এপ্রিল তিনি উত্তরাঞ্চলের হিলি সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন বলে আইন-শৃঙ্খলা বাহিনী জানায়। এরপর থেকে তার অবস্থান নিয়ে কিছু জানায়নি পুলিশ।

আযাদ এখন কোথায় আছেন জানতে চাইলে রোববার পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, “তিনি দেশে না বিদেশে আছেন- সে ব্যাপারে কৌশলগত কারণে কোনো মন্তব্য করব না।”

আযাদ দেশে না দেশের বাইরে অবস্থান করছেন সে বিষয়ে র‌্যাবও ‘নিশ্চিত নয়’।

র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, “বাচ্চু রাজাকারকে খোঁজা হচ্ছে। দেশের কোথাও তার অবস্থান জানা থাকলে র‌্যাব সেখানে অভিযান চালাবে।” 

পুরনো খবর:

‘বাচ্চু রাজাকার কোথায়’
প্রথম রায়ে আযাদের ফাঁসি