২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সাংবাদিকতা বিভাগের সুবর্ণজয়ন্তীতে চলচ্চিত্র উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সুবর্ণজয়ন্তী বর্ষের তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা সোমবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 05:16 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

সকালে টিএসসি মিলনায়তনে বিভাগের অধ্যাপক ঢাবি উপাচার্য ড. আ আ ম স আরফিন সিদ্দিক অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন।

এর অংশ হিসেবে সোমবার থেকে টিএসসির গেমস রুমে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী এবং টিএসসি মিলনায়তনে দুই দিনের চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। বুধবার টিএসসি মিলনায়তনে থাকছে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা।

সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার ৫০ বছর’ প্রতিপাদ্য নিয়ে গত ২ অগাস্ট থেকে বছরব্যাপী অনুষ্ঠান শুরু করে বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ এই বিভাগ।

উদ্বোধনের সময় উপাচার্য বলেন, “আমাদের দেশে আলোকচিত্র ও চলচ্চিত্র শিল্পের যে উন্নয়ন হয়েছে তাতে এই বিভাগের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান রয়েছে। এ অবদান সারা জাতি স্মরণ করছে। দেশে সাংবাদিকতা শিক্ষার ক্ষেত্রকে প্রসারিত করার ক্ষেত্রেও ভূমিকা রয়েছে এ বিভাগের।”

বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা হারুন হাবীব, আলোকচিত্রী আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বিভাগের কয়েকজন সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোকচিত্র প্রদর্শনীতে মুক্তিযোদ্ধা হারুন হাবীরের ক্যামেরায় মুক্তিযুদ্ধের ৩৭টি ছবি স্থান পেয়েছে। বাকী ৮৩টি ছবির ফ্রেমে মেলবন্ধন ঘটেছে সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের।

চলচ্চিত্র উৎসবে গেরিলা, শ্যামল ছায়া, হেমলক সোসাইটি, স্কাইফল, রাইজেস অব দি নাইট ও বারফি প্রদর্শিত হবে।

প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ শীতার্তদের সাহায্যার্থে ব্যয় করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

বুধবার রয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী, নবীনবরণ ও বিদায় সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগের সাবেক শিক্ষার্থী ও প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।