‘সংকট মোচনে জাতীয় ঐক্য প্রয়োজন’
দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিকল্প ধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে আয়োজিত এক সমাবেশে তারা এই আহ্বান জানান।
বিকল্প ধারা, গণফোরাম ও নাগরিক ঐক্যের সমন্বয়ে ‘জাতীয় ঐক্যের ডাক’ শিরোনামে প্রচারণার অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে দলগুলো।
সমাবেশে বি. চৌধুরী বলেন, কোনো দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন মেনে নেয়া হবে না। ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইছে। কিন্তু তা মেনে নেয়া হবে না।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরো দু’টি নির্বাচন সম্পন্ন করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলেও মত দেন তিনি।
অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ- বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই।
দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তার জাতীয় গণঐক্য দরকার বলেও মত দেন গণফোরম সভাপতি।
বিকল্প ধারার রাজশাহী মহানগর সভাপতি আখতারুজ্জান বাবলুর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।
