‘অন্য রায়গুলোও তাড়াতাড়ি চাই’
যুদ্ধাপরাধের বিচারে প্রথম রায়ে আবুল কালাম আযাদের ফাঁসির আদেশের পর স্বস্তি বোধ করলেও অভিযুক্ত অন্যদের রায় দ্রুত ঘোষণা এবং তা কার্যকরের দাবি জানিয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
চার দশক আগে বাঙালি জাতির মুক্তির সংগ্রামকে দমাতে ব্যাপক গণহত্যা, খুন, ধর্ষণ, লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক রুকন বাচ্চু রাজাকারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
দীর্ঘ প্রতীক্ষিত বিচারের প্রথম রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে রাজধানীর উত্তরার ব্যবসায়ী ইরতেজা মিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রায়ে আমি অনেক খুশি। অন্য মামলাগুলোরও তাড়াতাড়ি রায় হলে আরো খুশি হবো।”
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলীম, জামায়াতে ইসলামীর গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদসহ আরো ১০ জনের বিচার চলছে।
রায়ের প্রতিক্রিয়ায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার গবেষক শহীদ মো. আদনান বলেন, “এই রায় অবশ্যই পজিটিভ এবং আমার মনে হচ্ছে গোটা বিচার প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে। তবে বাকি রায়গুলোর ওপরই নির্ভর করছে চূড়ান্ত সফলতা।”
“আর যুদ্ধাপরাধের বিচার যে শুধু লোক দেখানো নয়, তাও এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।”
জামায়াতে ইসলামী শুরু থেকেই এই বিচারের বিরোধিতা করে আসছে। বিএনপির কয়েকজন নেতাও বলছেন, ‘প্রহসনের’ বিচার হচ্ছে।
দিনাজপুরের বাসিন্দা চাকরিজীবী দেলোয়ার হোসেন রনি বলেন, “বিভিন্ন আন্তর্জাতিক চাপ এবং দেশের ভিতনে জামায়াতে ইসলামী ও তাদের দোসরদের অপতৎপরতা সত্ত্বেও যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে এই রায়ে আর ১০টা সাধারণ মানুষের মতো আমিও খুশি।”
গত সাত বছর রাজধানীতে রিকশা চালিয়ে আসা ময়মনসিংহের আব্দুল খালেক রায়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “হারামিগুলার অইত্যাচারের কথা আমরার জানা আছে। এই রায়ে শুধু আমি খুশি তাই না। আমার বাপ-চাচারে এ্যারা অইত্যাচার করছিল। হেরায় বাইচ্চা থাকলে আরো খুশি হইত।”
মহাখালীর মুদি দোকানি মোহাম্মদ শহীদ বলেন, “রায় হইছে খুশি। তয় এডি কাইরজকর হইব কবে, এইডাই বড় কথা। আর যারা আছে হ্যাগোরও বিচার দ্রুত হওন চাই।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আহসান হাবিব বলেন, এ রায় ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধাপরাধের দাবিতে সোচ্চারদের মধ্যে নতুন প্রেরণার সঞ্চার হয়েছে।
সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানিয়ে রাজধানীর দেয়েল চত্ত্বরের সামনে মিছিল করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। মিছিল বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়েও।
ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে চিহ্নিত সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানায়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এক বিবৃতিতে রায়ে সন্তোষ প্রকাশ করা হয়।অভিযুক্ত অন্যদের রায়ও দ্রুত ঘোষণার দাবি জানায় দলটি।
এছাড়া সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘চিরন্তন ৭১’, ‘উত্তরাধিকার ৭১’, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যুদ্ধাপরাধের মামলায় প্রথম রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
