হেলথ টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
কোর্সের নাম পরিবর্তনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) কোর্সের শিক্ষার্থীরা।
শতাধিক শিক্ষার্থী সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। সে সময় তারা সেখানেই অবস্থান নেন।
দুপুরের পর তারা প্রেসক্লাবের সামনের রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ করতে থাকলে ওই সড়কে যান চলাচল ব্ন্ধ হয়ে যায়।
শাহবাগ খানার পরিদর্শক(পেট্রোল) মো. শহীদ জানান, পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানায়।পরে বেলা প্রায় সোয়া তিনটার দিকে তারা রাস্তা থেকে অবরোধ তুলে নেয়।
বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) অ্যাসোসিয়েশনের আহবায়ক মো. আবুল মানসুর বলেন, “আমাদের কোর্সের নাম হেলথ টেকনোলজি হলেও এতে কারিগরি কোনো বিষয় পড়ানো হয় না। বরং পড়ানো হয় মুখ ও দন্ত চিকিৎসা শাস্ত্রের সব বিষয়। তাই আমরা এর নাম পরিবর্তন করে ব্যাচেলর অব ডেন্টিস্ট বা বিএসসি ইন ডেন্টিস্ট করার দাবি জানিয়েছি।”
শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- বিএমডিসি কর্তৃক এই কোর্সের অনুমোদন, পাশ করার পর শিক্ষার্থীদের প্র্যাকটিসের নিবন্ধন প্রদান, সব সরকারি, স্বায়ত্বশাসিত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পদ সৃষ্টি করে কর্মসংস্থানের ব্যাবস্থা করা, কোর্সের মেয়াদ চার বছর এবং এক বছরের ইন্টার্নশিপ চালু করা।
