২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই গৃহকর্মীকে ক্রাইসিস সেন্টারে পাঠানোর নির্দেশ

গাজীপুরের কাপাসিয়ার নির্যাতিতা গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 12:05 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতের আদেশে সকালে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন ওই গৃহকর্মীকে আদালতে হাজির করেন। বেলা ১১টার দিকে মামলার শুনানি শুরু হয়। কয়েক মিনিট পর মেয়েটিকে ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতির খাস কামরায় ডেকে নেয়া হয়।
সেখানে উভয়পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ক্যামেরা ট্রায়াল। বেলা প্রায় সাড়ে এগারোটার দিকে ক্যামেরা ট্রায়াল শেষ হলে বিচারকরা এজলাসে ফিরে এ আদেশ দেন।
আদেশে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে হস্তান্তরে বিবাদীদেরকে নির্দেশ দেয়া হয়। এই সেন্টারে তার শারিরীক ও মানসিক চিকিৎসা প্রদানের নির্দেশ দেয়া হয়। সেখানে ওই গৃহকর্মীর সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিকে।
পুলিশ মহাপরিদর্শক, গাজীপুরের এসপি এবং কাপাসিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয় আগামী ২৪ জানুয়ারি।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে রোববার এক আদেশ দেয় হাই কোর্ট। আদেশে ২৪ ঘণ্টার মধ্যে ওই নারীকে আদালতে হাজির করতে বলা হয়।
একইসঙ্গে নির্যাতিতাকে নিরাপত্তা ও সুচিকিৎসা প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানাতেও বলে আদালত।
ক্যামেরা ট্রায়ালে রিট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ, রিট আবেদনকারী সালমা আলী এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। আদেশের সময়ও তারা আদালতে ছিলেন।

সালমা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুরের কাপাসিয়ার  সাংসদের কথিত এপিএস কাজল মোল্লার বাসায় কাজ করতেন মেয়েটি। তিনি এই গৃহকর্মীকে ধর্ষণ করেন। পরে কাজল মোল্লার স্ত্রী ওই নারীকে অমানবিক নির্যাতন করেন। ঘটনা জানাজানি হলে দায়ীরা মেয়েটিকে তুলে নিয়ে যায়।

আদালতে তিনি জানান, মেয়েটির অবস্থান জানতে তারা কাপাসিয়া গেলেও স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের কাছে সহায়তা চেয়েও পাননি। পরে এ ঘটনায় তারা থানায় গেলেও পুলিশ মামলা বা জিডি কোনটিই নেয়নি।

সোমবারের এ আদেশের পর ফাওজিয়া করিম ফিরোজ বলেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নারী ও শিশুদেরকে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি কাউন্সেলিং এবং আইনি সহায়তাও সেখানে দেওয়া হয়। সেন্টারটি ঢাকা মেডিকেল কলেজের হলেও ৭টি মন্ত্রণালয় এবং বিভিন্ন বেসরকারি সংগঠন এটা পরিচলনায় সহায়তা দিয়ে থাকে।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনায় এখনো কোনো জিডি বা মামলা হয়নি। হাই কোর্টের আদেশের পর এখন মেয়েটিকে আমরা হস্তান্তর করবো।”

রিটকারী সালমা আলী বলেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আইনি সহায়তাও দেওয়ার ব্যবস্থা আছে। সেখান থেকেই মামলা হবে।