২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেপার স্প্রে কেন অবৈধ নয়: হাই কোর্ট

মানব দেহে পেপার স্প্রেসহ অন্যান্য রাসায়নিক স্প্রে বা অস্ত্রের ব্যবহার কেন  অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 08:51 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়।

আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্ক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ রোববার এই রিট আবেদন দায়ের করেন। রিটে রুল প্রার্থনা করে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পেপার স্প্রের ব্যবহার বন্ধ রাখতে অন্তবর্তীকালীন আদেশ এবং ওই স্প্রে প্রয়োগে নিষেধাজ্ঞাও চেয়েছেন রিট আবেদনকারী।

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে কয়েকটি বামপন্থী দলের হরতালে নেতাকর্মীদের ওপর বেপরোয়া হারে এই স্প্রে ব্যবহার করে পুলিশ।এরপর  থেকে আন্দোলনকারীদের ওপর এই ঝাঁঝালো গ্যাসের ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এই স্প্রে ব্যবহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগ দাবি করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বিএনপির পক্ষ থেকেও এজন্য মন্ত্রীর বিচার চাওয়া হয়।

পেপার স্প্রে বিভিন্ন দেশে ওসি স্প্রে (ওলেওরেসিন ক্যাপসিকাম), ওসি গ্যাস ও ক্যাপসিকাম স্প্রে নামেও পরিচিত। এর মধ্যে এমন রাসায়নিক উপাদান রয়েছে, যা চোখে জ্বালাপোড়ার সৃষ্টি করে। এই গ্যাসের সংস্পর্শে আসামাত্র চোখে প্রদাহ সৃষ্টি হয়।

এই স্প্রের প্রভাবে আহত এক শিক্ষকের মৃত্যু হয়েছে বলে আন্দোলনকারী শিক্ষকদের নেতারা অভিযোগ করেছেন।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলে আসছেন, এই স্প্রের কারণে মৃত্যু হয় না।

গত শুক্রবার চাঁদপুরে সাংবাদিকদের তিনি বলেন, অবৈধ সমাবেশ দমনের জন্য বিশ্বব্যাপী আন্তর্জাতিক কনভেনশনে অনুমোদিত যেসব উপকরণ ব্যবহার করা হয়, তার মধ্যে পেপার স্প্রে একটা। তাই এর ব্যবহার নিয়ে ভিন্ন মত দেয়ার অধিকার কারো নাই।

পরদিন ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘লাঠিপেটার সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসার জন্যই এই তরল গ্যাস ব্যবহার করছেন তারা।

নর্থ ক্যারোলাইনা মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওসি স্প্রে বা পেপার স্প্রেতে পানি, অ্যালকোহল, কার্বনডাইঅক্সাইড, হ্যালোজেনেটেড হাইড্রোকার্বন (ফ্রেয়ন, টেট্রাক্লোরোথাইলিন, মিথাইলিন ক্লোরাইড) রাসায়ানিকও ব্যবহার করা হয় যার প্রভাবে কোনো কোনো ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাসের ব্যাঘাত ঘটিয়ে আকস্মিক মৃত্যুও ঘটাতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার পেপার স্প্রে বন্ধ করতে সরকারকে লিগ্যাল নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

ওই দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,  লিগ্যাল নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ‘অমানবিকভাবে বিষাক্ত ও ক্ষতিকারক’ পেপার স্প্রের ব্যবহার বন্ধ করতে সরকারকে অনুরোধ করা হয়েছে। তা উপেক্ষা করলে জনস্বার্থে হাই কোর্টে রিট আবেদন করা হবে।