ধর্ষণ চেষ্টা মামলায় ২ শিক্ষক কারাগারে
একটি ধর্ষণ চেষ্টা মামলায় রাজবাড়ীর এক আওয়ামী লীগ নেতাসহ দুই শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শরীফ উদ্দিন এ আদেশ দেন।
আসামিরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ সভাপতি এফ কে টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের ফকির এবং গোয়ালন্দ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম মীরমালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহজাহান আলী বলেন, রোববার দুপুরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নাকচ হয়।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১৫ মার্চ রাতে আসামিরা পূর্ব পরিচয়ের সূত্রে নাটোরের সিংড়া উপজেলায় বাদীর বাড়িতে বেড়াতে যান এবং এক পর্যায়ে তারা বাদীর শ্লীলতাহানি করেন।
১৯ মার্চ ওই নারী (গোয়ালন্দের এফ কে টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ) ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
