২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের ঢল তুরাগ তীরে

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গীর ইজতেমা মাঠ অভিমুখে শুরু হয়েছে মানুষের ঢল।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 03:34 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার দুপুরে বিশ্ব শান্তি কামনায় মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে তিন দিনের ইজতেমা।

এবার দিল্লির মাওলানা মো. জোবায়রুল হাসান আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে মুরুব্বিরা জানিয়েছেন। এর আগে হবে হেদায়তি বয়ান।

টঙ্গীর পথে শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটর গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে মোনাজাতে অংশ নিতে মুসুল্লিরা পায়ে হেঁটে ইজতেমাস্থলে পৌঁছান।

সকাল সাড়ে ৯ টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মাঠের আশে-পাশের রাস্তা, অলি-গলিতে অবস্থান নেন মুসল্লিরা।

ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কয়েক লাখ পুরানা খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে মানুষ সড়কে বসে পড়েছেন। এছাড়া আশেপাশের ভবনের ছাদেও অবস্থান নিতে শুরু করেন অনেকে।

আখেরি মোনাজাত উপলক্ষে রোববার এ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস-আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।

দ্বিতীয় দফার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর ৯৫ জোড় জোড়া বর-কনের বিয়ে সম্পন্ন হয়।

এর আগে গত ১১ থেকে ১৩ জানুয়ারি চলে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়।

বিশেষ বাহন

টঙ্গী রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আবু তাহের জানান, বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আখেরি মোনাজাত উপলক্ষে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ১৪টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে। 

গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, শনিবার রাত ১২টা থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত টঙ্গী কলেজ গেইট থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে আখেরি মোনাজাতের দিন সকাল থেকে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত  মুসল্লিদের সুবিধার্থে ৫০টি বিআরটিসি বাস ও ব্যক্তি মালিকানাধীন ৫০টি (ইজতেমার স্টিকার লাগানো) শ্যাটল বাস চলাচল করবে।