ধর্মঘটে পাম্প মালিকরা
জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ ৯দফা দাবিতে সারা দেশে ‘অনির্দিষ্টকালের কর্মবিরতি’ শুরু করেছেন পেট্রোল পাম্প ও ট্যাংক লরির মালিক এবং শ্রমিকরা।
বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ নাজমুল হক জানান, রোববার সকাল ৬টা থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে।
তিনি বলেন, “যতক্ষণ আমাদের দাবি পূরণ না হচ্ছে, ততোক্ষণ কর্মবিরতি চলবে। কোনো পাম্প বা ট্যাংক লরি থেকে এক লিটার তেলও বিক্রি বা পরিবহন হবে না।”
এই পরিষদের মাধ্যমে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টন জ্বালানি তেলের বিপণন হয় বলে জানান হক।
এদিকে ধর্মঘটের ঘোষণা থাকায় শনিবার রাতে রাজধানীর তেলের পাম্পগুলোতে ব্যাপক ভিড় দেখা যায়। ধর্মঘট কতো দিন চলবে তার নিশ্চয়তা না থাকায় গাড়ির জ্বালানির ট্যাংক ভর্তি করে নেন অনেক চালক।
সকালে রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে তেল বিক্রি বন্ধ থাকার কথা শোনা যায়। তবে সায়েদাবাদের কোরা ফিলিং স্টেশনে দেখা যায় কয়েকটি গাড়িকে তেল দেয়া হচ্ছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওই ফিলিং স্টেশনের কর্মী ফয়সাল আহমেদ বলেন, “আমরাও ধর্মঘট করছি। তবে মাঝে মধ্যে সরকারি গাড়ি আসে, তেল চায়। তখন দিতে হয়।”
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ধর্মঘটের কারণে নারায়ণগঞ্জের তেলের পেট্রোল পাম্পগুলো বন্ধ রয়েছে। সিদ্ধিরগঞ্জের গোদনাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পদ্মা, মেঘনা এবং ফতুল্লায় যমুনা ও মেঘনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপো থেকেও তেল উত্তোলন বা সরবরাহ করা হচ্ছে না।
বাংলাদেশ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন ফতুল্লা শাখার সহ-সভাপতি মো. রহমতউল্লাহ বলেন, “৯ দফা দাবি মেনে নেয়া না পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।”
ধর্মঘটের কারণে সকাল থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, ধর্মঘটের কারণে ডিপোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানের জ্বালানির যাতে সঙ্কট না হয়, সেজন্য প্রয়োজনে পুলিশি নিরাপত্তা দিয়ে সরবরাহ স্বাভাবিক রাখা হবে।
সকালে সিলেট বিভাগের চার জেলায় ১১৪টি পেট্রোল পাম্প ও সাতটি ডিপো থেকেও তেল সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন আমাদের সিলেট প্রতিনিধি।
বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর বরাত দিয়ে তিনি জানান, ধর্মঘটের কারণে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১১৪টি পেট্রোল পাম্পে বিক্রি বন্ধ রয়েছে।
চট্টগ্রাম পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি আহমদ নবীর বরাত দিয়ে আমাদের প্রতিবেদক জানান, চট্টগ্রাম পেট্রোল পাম্প মালিক সমিতি, ট্যাংক লরি মালিক সমিতি ও ট্যাংক লরি শ্রমিক সমিতিসহ তিনটি সংগঠন ঐক্যবদ্ধভাবে ধর্মঘট পালন করছে।
সকালে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, কোথাও তেল বিক্রি হচ্ছে না। ট্যাংক লরিগুলোও তেল পরিবহন করছে না। বেলা বাড়ার সাথে সাথে নগরীতে তেলচালিত যানবাহনগুলোর সংখ্যা কমতে দেখা যায়।
চট্টগ্রাম অঞ্চলে ১৭৫টি পেট্রোল পাম্পের মধ্যে ১২০টিই চট্টগ্রাম জেলায়। শনিবার রাতেও পাম্পগুলো তেল বিক্রি করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে আহমদ নবী বলেন, অনেক রাত পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি হয়েছে।
পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ ডিজেল বিক্রির কমিশন ৩ দশমিক ৪০ এবং পেট্রোল ও অকটেনের কমিশন ৪ শতাংশ করার দাবি জানিয়েছে আসছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি করে তারা ২ দশমিক ৪৫ শতাংশ, পেট্রোলে ৩ দশমিক ২৭ শতাংশ এবং অকটেনে ৩ দশমিক ৩০ শতাংশ হারে কমিশন পান।
সরকার গত ৩ জানুয়ারি চার ধরনের জ্বালানি তেলের দাম ৫ থেকে ৭ টাকা বাড়ানোর পর বিতরণ কোম্পানিগুলোর কমিশনও ৩ থেকে ৫ পয়সা বাড়ানো হয়।
ঐক্য পরিষদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ট্যাঙ্কলরির ভাড়া বৃদ্ধি, চালকদের বিশেষ বিবেচনায় ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, চালকদের প্রয়োজনীয় প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ৫ লাখ টাকার দুর্ঘটনা বীমা চালু, পেট্রোল পাম্প স্থাপনে বিপিসির নীতিমালা সংশোধন, চট্টগ্রাম, ফতুল্লা, দৌলতপুর, চাঁদপুর ও সিলেটে টার্মিনাল নির্মাণ এবং ঢাকা গোদনাইলে পদ্মা ও মেঘনার টার্মিনাল সংস্কার, জ্বালানি তেলের ভেজাল রোধে বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ, বিএসটিআইর টলারেন্স মাত্রা যৌক্তিক হারে নির্ধারণ এবং শ্রমিক নেতা মীর মোকসেদ ও আমির হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।
গত ১৩ জানুয়ারি এক সংবাদ সম্মেলন থেকে কমিশন বৃদ্ধিসহ ৯ দফা দাবি জানিয়ে তা পূরণে সরকারকে সাত দিনের সময় দেন পাম্প মালিকরা। কিন্তু সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে ১৮ জানুয়ারি আবারো সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় পরিষদ।
এর আগে গত বছর এপ্রিলেও কমিশন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তবে সরকারের আশ্বাস পেয়ে পরে তা প্রত্যাহার করা হয়।
