কালকিনিতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
মাদারীপুরের কালকিনি উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে পৌর এলাকার ভূরঘাটা বাজারে এ সংঘর্ষ চলাকালে দু’টি মোটরসাইকেল ও একটি দোকান ভাংচুর করা হয় বলে পুলিশ জানায়।
কালকিনি থানার ওসি একেএম শাহিন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার পৌর এলাকার মিনাজদি গ্রামে দেলোয়ার হোসেন সরদারের সরিষা ক্ষেত নষ্ট করে জাহাঙ্গির আলম সরদারের গরু। এর প্রতিবাদ করায় দেলোয়ারের ছেলে আলামিনকে মারধর করা হয়।
এঘটনার জেরে শনিবার ভূরঘাটা বাজারে বনগ্রাম ও মিনাজদি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাসানাত সরদার(৩০), আলামিন (১৪), দেলোয়ার হোসেন সরদার (৫০), হাবিব সরদার (৪৫) ও আব্দুল চৌকিদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে আশঙ্কাজনক অবস্থায় যুবদল নেতা হাসানাতকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
