ঠেগামুখ স্থলবন্দর: বাংলাদেশ-ভারত বৈঠকে সম্মত
রাঙামাটির বরকল সীমান্তে প্রস্তাবিত ঠেগামুখ স্থলবন্দর চালুর ব্যাপারে বাংলাদেশ ও ভারত মন্ত্রী পর্যায়ে বৈঠক করতে সম্মত হয়েছে।
শনিবার দুপুরে রাঙামাটির বরকল এবং ভারতের মিজোরাম রাজ্যের সীমান্তের ঠেগামুখ এলাকায় যৌথ পরিদর্শন শেষে এক বৈঠকে এ ব্যাপারে দুদেশের নেতৃবৃন্দ মতামত দেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও ভারতের পক্ষে ছিলেন মিজোরাম রাজ্যের বাণিজ্য মন্ত্রী লাল রিন লিয়ানা সাইলো।
এ সময় উপস্থিত ছিলেন মিজোরামের প্রাণিসম্পদ মন্ত্রী নিহার কান্তি চাকমা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পংকজ শরণ, দেমাগ্রী বিএসএফ কমান্ডার ভি এম সিং, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মইজ উদ্দিন আহমেদ, পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,জেলা প্রশাসক মোস্তফা কামাল, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল নুরুল হুদা ও পুলিশ সুপার মাসুদ উল হাসান।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মইজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বৈঠক উভয়পক্ষ প্রস্তাবিত ঠেগামুখ স্থল বন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের মাধ্যমে যৌথ বিশেষজ্ঞ কমিটির কাজ শুরুর উপর গুরুত্বারোপ করেছেন।
তাই শিগগিরই স্থল বন্দর চালুর জন্য ভারত-বাংলাদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকটি ঢাকা কিংবা নয়া দিল্লিতে করার ব্যাপারে মত দেয়া হয়।
দীপংকর তালুকদার সাংবাদিকদের বলেন, ঠেগামুখ স্থলবন্দর চালুর পাশাপশি ইমিগ্রেশন চালু করা হবে। যাতে দু’দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের পাশাপাশি দু’দেশের মানুষ বৈধভাবে যাতায়াত করতে পারে।
